৩০ লাখ টাকাসহ ব্যবসায়ী অপহরণ, পরে উদ্ধার
রাজধানীর মতিঝিল থেকে ৩০ লাখ টাকাসহ অপহৃত এক ব্যবসায়ীকে পাওয়া গেছে আশুলিয়া এলাকায়। গতকাল সোমবার দুপুরে তিনি অপহৃত হন। সন্ধ্যার দিকে আশুলিয়া থানার পুলিশ তাঁকে উদ্ধার করে। তবে অপহৃত হওয়ার সময় তাঁর সঙ্গে থাকা ৩০ লাখ টাকা পাওয়া যায়নি।
অপহৃত ও পরে উদ্ধার হওয়া ইলিয়াস হোসেন (২৫) জনশক্তি রপ্তানির ব্যবসার সঙ্গে জড়িত। দিলকুশা এলাকায় তাঁদের পারিবারিক প্রতিষ্ঠান এমকে ওভারসিজের কার্যালয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন বলেন, সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়ার বিশমাইল এলাকায় এলোমেলোভাবে হাঁটছিলেন ইলিয়াস। গায়ে কাদা মাখা ছিল। তিনি ইলিয়াসকে আটকান। পরে তাঁর মাথায় পানি ঢালা হয়। কিছুটা সম্বিত ফিরে পেয়ে ইলিয়াস তাঁর বাবার মুঠোফোন নম্বর দেন। পুলিশ মুঠোফোনে তাঁর পরিবারকে বিষয়টি জানায়। এরপর ইলিয়াসকে থানায় নেওয়া হলে তিনি জানান, দুপুরে ৩০ লাখ টাকা নিয়ে একটি বাণিজ্যিক ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় তিন-চারজন লোক তাঁকে কৌশলে ধাক্কা দিয়ে একটি মাইক্রোবাসে তুলে ফেলে। এরপর তাঁকে জোর করে নেশাজাতীয় কোনো কিছু খাওয়ায় তারা। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। দুর্বৃত্তরা পরে তাঁকে আশুলিয়ার বিশমাইল এলাকায় ফেলে যায়।