৩০ লাখ ভারতীয় জাল মুদ্রাসহ যুবক গ্রেপ্তার
রাজধানীর মীরহাজিরবাগের রাস্তা থেকে কাপড়ের ব্যাগভর্তি ৩০ লাখ ভারতীয় জাল রুপিসহ সোহেল (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী থানা-পুলিশ জানায়, গোপন সূত্রে যাত্রাবাড়ী থানা-পুলিশ জানতে পারে, একটি কাপড়ের ব্যাগে ভারতীয় জাল রুপি নিয়ে যাচ্ছেন এক যুবক। এরপর যাত্রাবাড়ী থানা-পুলিশ মীরহাজিরবাগে গিয়ে জাল মুদ্রাসহ সোহেল নামের এক যুবককে আটক করে। পরে তাঁর ব্যাগে তল্লাশি করে দুটি বিস্কুটের কার্টনের ভেতর থেকে ৩০ লাখ টাকা মূল্যমানের ভারতীয় জাল রুপি উদ্ধার করে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, উদ্ধার করা মুদ্রাগুলো পরীক্ষার পরই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তবে আটক করা রুপিগুলো জাল বলে সোহেল স্বীকার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে সোহেল পুলিশকে জানান, এক ব্যক্তি জাল রুপিগুলো চাঁপাইনবাবগঞ্জে পৌঁছে দিতে বলেছিলেন। তাই তিনি এগুলো চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাচ্ছিলেন। তদন্তকারী কর্মকর্তা জানান, ভারতের জাল রুপিগুলো সোহেলকে কে দিয়েছে, তিনি কার কাছে এসব নিয়ে যাচ্ছিলেন—এসব খুঁজে দেখতে সোহেলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।