ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই সাধারণ মানুষ গত বছর সাড়ে চার হাজার অগ্নিকাণ্ড নিজেরাই নিভিয়ে ফেলেছে। এ সংখ্যা সারা দেশে সংঘটিত অগ্নিকাণ্ডের ৩০ শতাংশ। গতকাল শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরপুর ১০ নম্বরের প্রশিক্ষণ কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শাহীদুল্লাহ এ কথা বলেন।মহাপরিচালক বলেন, গত বছরে সারা দেশে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাড়ে ৩০০ মানুষের প্রাণহানি হয়।মহাপরিচালক বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনীর হাতে ফায়ার সার্ভিসের ২৫ কর্মী নিহত হন। তাঁদের স্মরণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরপুর ১০ নম্বর প্রশিক্ষণ কমপ্লেক্সে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। আজ রোববার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এর উদ্বোধন করবেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে নিহত ২৫ ফায়ার সার্ভিসের কর্মীর তালিকা তাঁদের হাতে আছে। এর বাইরে নিহত কোনো কর্মীর নাম পাওয়া গেলে সেই নাম স্মৃতিস্তম্ভের তালিকায় লিপিবদ্ধ করা হবে।মহাপরিচালক বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনী, ইপিআর, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে তৎকালীন ইস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরাও অংশ নেন। ফায়ার সার্ভিসের নিহত কর্মীদের পরিবারের চাহিদা অনুযায়ী তাঁদের সুনির্দিষ্ট সহযোগিতা করা হবে। নিহত কর্মীদের পরিবারের কোটায় নিয়োগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন ও অর্থ) মেজর এম আবদুস সালাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর এম মতিউর রহমান, পরিচালক (রক্ষণাবেক্ষণ ও অভিযান) মেজর মোহাম্মদ মাহবুব এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তৎকালীন ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম।