পুরোনো ও জরাজীর্ণ ২৭টি বিপণিবিতান ভেঙে নতুন আধুনিক বিপণিবিতান নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ইতিমধ্যে ছয়টি মার্কেটের নির্মাণকাজ শুরু-সংশ্লিষ্ট সব কাজ চূড়ান্ত হয়েছে। নতুন নির্মিত বিপণিবিতানগুলোতে ডিএসসিসির মেয়রের কোটা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, বর্তমানে রাজধানীর বিভিন্ন স্থানে ডিএসসিসির ৮৬টি বিপণিবিতান রয়েছে। এগুলোর মধ্যে ৪০টির বেশি বিপণিবিতানের জরাজীর্ণ দশা। সম্প্রতি ডিএসসিসির এক সভায় পুরোনো কিছু বিপণিবিতান ভেঙে আধুনিকায়ন করে ২৭টি বিপণিবিতান নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম পর্বে নির্মাণ করা হবে ঢাকেশ্বরী রোড সাইড মার্কেট, বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেট, সদরঘাট হকার্স মার্কেট, লেডিস পার্ক মার্কেট, হাতিরপুল কাঁচাবাজার মার্কেট ও ২ নম্বর পলাশী মার্কেট।
এ বিষয়ে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘এসব মার্কেট নির্মাণ করা হলে ফুটপাত থেকে স্থায়ীভাবে হকারদের উচ্ছেদ করা যাবে। ডিএসসিসির রাজস্ব বাড়বে। আধুনিক ডিজাইনের এসব মার্কেট নির্মাণ হলে নগরীর সব শ্রেণির মানুষ উপকৃত হবে।’
৩০ শতাংশ কোটার ব্যাপারে জানতে চাইলে মেয়র বলেন, ‘নতুন নির্মিত বিপণিবিতানগুলোতে মেয়রের কোটা বাড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। অনুমতি পেলে এসব দোকান অসহায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি ও সমাজের দরিদ্র শ্রেণি-পেশার মানুষদের দেওয়া হবে।’
ডিএসসিসির প্রকৌশল দপ্তর সূত্র জানায়, বিভিন্ন সময় ঢাকেশ্বরী সিটি করপোরেশন মার্কেট, পরীবাগ সুপার মার্কেট, বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেট, সদরঘাট হকার্স মার্কেট, লেডিস পার্ক হকার্স মার্কেট নির্মাণ করে সিটি করপোরেশন। এখন এগুলো ভেঙে আধুনিকায়ন করা হবে। এসব বিপণিবিতানে ফুডকোর্ট, জিমনেসিয়াম, হলরুম, কমিউনিটি সেন্টার, সিনেমা হল, উন্মুক্ত স্থানসহ আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। ইতিমধ্যে এ-সংক্রান্ত একটি প্রকল্প পাস করেছে ডিএসসিসি। নির্মাণকাজের জন্য ডিএসসিসির কর্মকর্তাদের তৎপরতা বেড়েছে।
আগের বিপণিবিতানগুলোতে ডিএসসিসির মেয়রের জন্য ১০ শতাংশ কোটা বরাদ্দ ছিল। নতুন করে বানানো বিপণিবিতানগুলোতে তা ৩০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রথম আলোকে বলেন, ডিএসসিসিতে প্রশাসক থাকাকালে মেয়রের কোটা কিছুটা কম ছিল। এবার আইনের মধ্যে থেকেই মেয়র কোটা ৩০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। কিছুদিনের মধ্যেই বিপণিবিতানগুলোর নির্মাণকাজের উদ্বোধন করা হবে।
তবে নতুন করে বিপণিবিতানের আধুনিকায়নের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন নগর পরিকল্পনাবিদেরা। তাঁরা বলেছেন, ডিএসসিসি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, সেবা প্রতিষ্ঠান। আগে নগরের যানজট ও রাস্তাঘাট পরিচ্ছন্ন করা জরুরি। মেয়রের কোটা বাড়ানোর বিষয়েও আপত্তি জানিয়েছেন অনেকে।
নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, একসঙ্গে এতগুলো বিপণিবিতান নির্মাণের আগে নগরীর জলাবদ্ধতা, যানজট ও বর্জ্য ব্যবস্থাপনা করা দরকার। হঠাৎ করে বিপণিবিতান নির্মাণ করলে জলাবদ্ধতা ও যানজট বাড়তে পারে। এ ছাড়া ডিএসসিসি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) সমন্বিতভাবে পরিকল্পনা নিতে হবে। কিন্তু ডিএসসিসির সঙ্গে রাজউকের আদৌ সমন্বয় হয়েছে কি না, তা নিয়ে অস্পষ্টতা আছে। কোটা প্রথা বাদ দিয়ে মেয়রকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করা দরকার বলেও তিনি মনে করেন।