শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ফি বাতিলের আন্দোলনকে দমিয়ে রাখতে প্রশাসন হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে৷ এরই অংশ হিসেবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে৷
গত রোববার প্রক্টরের স্বাক্ষর করা ওই নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে প্রশাসনিক ভবনে সমাবেশ ও তালা ঝুলিয়ে দিয়ে ওই শিক্ষার্থীরা প্রশাসনিক কর্মকােণ্ড বাধা সৃষ্টি করেছেন। ছাত্র হিসেবে এ ধরনের কাজ অশোভন এবং শৃঙ্খলার পরিপন্থী। তিন কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিতভাবে ওই শিক্ষার্থীদের কারণ দর্শাতে বলা হয়েছে। ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে একতরফা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে৷
প্রক্টরের কার্যালয় ওই নোটিশের একটি করে কপি শিক্ষার্থীদের বাড়িতে পাঠানোরও ব্যবস্থা করেছে বলে জানা গেছে। নোটিশ পাওয়া ৩০ জন শিক্ষার্থীদের মধ্যে ১১ জন ছাত্রী। শিক্ষাবিষয়ক শাখা থেকে জানা গেছে, অতীতে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সেমিস্টার ফি ছিল না৷ ২০১২-১৩ সেশন থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওপর সেশন ফি হিসাবে এক হাজার ২০০ টাকা ধার্য করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া টিএসসি উন্নয়ন, ছাত্র সংসদ এবং ইন্টারনেট ফিও কিছুটা বাড়ানো হয়েছে। এই ফি বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। ১৫ জুন থেকে তিন দিন উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন তাঁরা। দাবি পূরণ না হওয়ায় গত বৃহস্পতিবার দুপুরে তাঁরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে দমিয়ে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা আন্দোলন আরও জোরদার করবেন বলে জানিয়েছেন৷ গতকাল বেলা একটার দিকে কারণ দর্শানোর ওই নোটিশ প্রত্যাহার এবং ফি বাতিলের দাবিতে মিছিল করে প্রগতিশীল ছাত্র জোট। শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করে প্রক্টর হারুন-অর-রশিদ বলেন, যে কেউ বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷