আইনি জটিলতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি সম্মান কোর্সের ৩০ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।দ্রুত শিক্ষা-কার্যক্রম চালুর দাবিতে গতকাল বেলা ১১টায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বরিশালের বাবুগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাস বাবুগঞ্জে চলতি শিক্ষাবর্ষে অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে বিএসসি অ্যানিমেল হাজবেন্ড্রি (সম্মান) কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়। এই কোর্সের ক্লাস ১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গত ২৯ সেপ্টেম্বর কোর্স চালুর অনুমোদন দেয়। কিন্তু ইউজিসি ২৫ অক্টোবর চিঠি দিয়ে ওই বিভাগে (সম্মান) শ্রেণীতে ভর্তি-কার্যক্রম স্থগিত করে।ইউজিসির ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০ ডিসেম্বর উচ্চ আদালতে একটি রিট পিটিশন করেন ওই কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদনকারী আবিদ মাহামুদ ও স্বাধীন চন্দ্র মণ্ডল। উচ্চ আদালত ভর্তি-কার্যক্রম স্থগিত আদেশ অবৈধ ঘোষণা করে তা স্থগিত করেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৫ জানুয়ারি বিশেষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ২৬ জানুয়ারি মেধা অনুযায়ী নির্বাচিত ৩০ জন শিক্ষার্থীকে ভর্তি করে।২৬ জানুয়ারি শিক্ষার্থী ভর্তির দিন ভেটেরিনারি অ্যাসোসিয়েশন ভর্তি বাতিলের জন্য উচ্চ আদালতে একটি সম্পূরক রিট পিটিশন দাখিল করলে আদালত প্রথমে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই কোর্সের পরবর্তী কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাখাওয়াত হোসেন বলেন, ‘সব নিয়মকানুন অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি অনার্স কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে। আমরা উচ্চ আদালতের নির্দেশনা মেনে চলছি। আদেশ না পাওয়া পর্যন্ত বর্তমানে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।’