৩০ শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ পদ্মায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ আগস্ট উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বের হবে। ভালো ফলের প্রত্যাশাও ছিল হালিমার (১৯)। স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। এমন আশা নিয়ে ঈদ শেষে নারায়ণগঞ্জে ফিরছিলেন। যাত্রী হয়েছিলেন পিনাক-৬ লঞ্চের। কিন্তু লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ হন তিনি।

হালিমার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার বি কে নগর সরদারকান্দি গ্রামে। হালিমার সঙ্গে ছোট বোন তানজিমা (১৩) ও মা নূরজাহান বেগমও (৪০) নিখোঁজ।

ওই গ্রামের আলী জব্বার ব্যাপারী পরিবার নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করেন। বড় মেয়ে হালিমা নারায়ণগঞ্জ কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। ছোট মেয়ে তানজিমা নারায়ণগঞ্জ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। স্ত্রী ও দুই কন্যাসন্তানকে হারিয়ে পাগলপ্রায় আলী জব্বার।

মুঠোফোনে আলী জব্বার বলেন, ‘শ্যালকের মেয়ের বিয়ে শেষে স্ত্রী ও দুই কন্যা গ্রামের বাড়ি থেকে ফিরছিল। এভাবে দুর্ঘটনায় তাদের হারাতে হবে ভাবতে পারিনি। ছোটবেলা থেকেই মেয়েটির স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার।

গত সোমবার কাওড়াকান্দি-মাওয়া নৌপথে পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনায় দেড় শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছে। এদের মধ্যে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন গ্রামের অন্তত ৩০ জন শিক্ষার্থী আছেন। এঁরা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। এঁদের মধ্যে একজন দেশের বাইরে চিকিৎসাশাস্ত্রে পড়ালেখা করতেন। রমজান ও ঈদে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তাঁরা স্বজনের সঙ্গে ঈদ করার জন্য গ্রামের বাড়ি এসেছিলেন। ঈদ শেষে সবাই স্কুল-কলেজে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। আচমকা একটি দুর্ঘটনা সবার স্বপ্ন চিরতরে ভাসিয়ে দিল।

জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের আবদুল জব্বার পরিবার নিয়ে ঢাকার লালবাগে বসবাস করেন। তাঁর মেয়ে জান্নাতুল নাঈম লাকী (২০) চীনের চ্যাং চুং হিহাং মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী। ছুটিতে গত ৫ জুলাই দেশে আসেন। খালাতো বোনদের সঙ্গে ঈদে বেড়াতে শিবচর উপজেলার কাদিরপুরে যান। পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনায় তিনি নিখোঁজ হন। সঙ্গে থাকা খালাতো বোন ঢাকার শিকদার মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান হীরা, অপর খালাতো বোন ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাতেমাতুজ স্বর্ণাও নিখোঁজ হন। এঁদের মধ্যে দুর্ঘটনার দিন নুসরাত জাহান হীরার মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল বুধবার সকালে নড়িয়া থানার পুলিশ পদ্মা নদীর চরআত্রা থেকে এক নারীর লাশ উদ্ধার করে। খবর পেয়ে লাকীর মামা ইলিয়াস ঢালী শরীয়তপুরের সুরেশ্বর ঘাটে ছুটে আসেন। কিন্তু পরে তিনি জানতে পারেন, লাশটি তাঁর ভাগনির নয়।

লাকীর মামা ইলিয়াস ঢালী জানান, মেয়েটি অনেক মেধাবী ছিলেন। স্বপ্ন ছিল, চিকিৎসক হয়ে গ্রামের দরিদ্র মানুষের সেবা করবেন। আগামী ৫ অক্টোবর তাঁর চীনে ফিরে যাওয়ার কথা ছিল। স্বপ্ন বুকে নিয়ে তিনি না-ফেরার দেশে চলে গেলেন।

মাদারীপুর সদর উপজেলার ধুরাইল গ্রামের হায়দার আলী ও তাঁর ভায়রা মিন্টু ব্যাপারী ইতালিপ্রবাসী। মেয়েদের উচ্চশিক্ষার জন্য ঢাকার মগবাজারে বাসা ভাড়া নিয়ে দেন। হায়দার আলীর মেয়ে ইমা আক্তার (১৯), মিন্টু ব্যাপারীর মেয়ে আফরোজা (১৮) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ঈদের ছুটি শেষে হায়দার আলীর স্ত্রী রাশিদা বেগম তাঁদের নিয়ে পিনাক-৬ লঞ্চে কাওড়াকান্দি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। দুর্ঘটনার পরে সি-বোটের সাহায্যে তিনি তীরে ওঠেন। কিন্তু গতকাল সকাল ১০টায় নড়িয়া উপজেলার চরআত্রা থেকে পুলিশ উদ্ধার করে ইমার লাশ। তবে আফরোজা এখনো নিখোঁজ।

গত দুই দিন পদ্মা নদীর বিভিন্ন স্থানে প্রিয় সন্তানের লাশ খুঁজে বেড়ান রাশিদা বেগম। তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা বুধবার তাঁকে গ্রামের বাড়ি নিয়ে আসেন।

রাশিদা বেগম বলেন, ‘আমার অনেক স্বপ্ন ছিল মেয়েটিকে নিয়ে। তাই গ্রাম ছেড়ে রাজধানীতে ভর্তি করিয়েছিলাম। আল্লাহ আমাকে বাঁচিয়ে আমার সন্তানদের কেন নিয়ে গেল। আমাদের সব স্বপ্ন পদ্মা নদীতে ডুবে গেল।’