৩০ সেপ্টেম্বর গাজীপুর-৪ আসনে উপনির্বাচন
শূন্য ঘোষিত গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৩০ সেপ্টেম্বর রোববার।গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ৫ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন যথাক্রমে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ ও গাজীপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। কাপাসিয়া উপজেলা নিয়ে গঠিত গাজীপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ১১ হাজার ৮৮৪ জন। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১০২ এবং ভোটকক্ষের সংখ্যা ৪৭২টি। ২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে সাংসদ নির্বাচিত হন আওয়ামী লীগের তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি গত ৭ জুলাই সংসদ সদস্যপদ ত্যাগ করায় আসনটি শূন্য হয়।গতকাল তফসিল ঘোষণার সময় সিইসি কাজী রকিব উদ্দীন আহমদ বলেন, আশা করা যায় সব দল নির্বাচনে অংশ নেবে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার স্বার্থে সব রাজনৈতিক দলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। প্রার্থীদের মনে রাখতে হবে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা কমিশনের আছে। সিইসি জানান, নির্বাচনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার জন্য প্রতিটি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে। কমিশন সচিবালয় সূত্র জানায়, আইন অনুযায়ী এখন থেকে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হতে হলে তিন বছর আগে থেকে সংশ্লিষ্ট দলে প্রার্থীর সদস্যপদ থাকতে হবে। গাজীপুর-৪ আসনের নির্বাচনে এই বিধানটি প্রথমবারের মতো কার্যকর হচ্ছে। গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ ধারায় প্রার্থীর যোগ্যতা সম্পর্কে বলা আছে, রাজনৈতিক দলের প্রার্থী হতে হলে প্রার্থীকে তিন বছর আগে থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের সদস্য হতে হবে। তবে দলের নিবন্ধনের তারিখ থেকে পরবর্তী তিন বছরের মধ্যে প্রার্থীর ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীকে পে-অর্ডার অথবা চালানের মাধ্যমে ৫০০ টাকা জমা দিয়ে ছবিবিহীন ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থীকে যেকোনো তফসিলি ব্যাংকে একটি হিসাব (অ্যাকাউন্ট) খুলতে হবে। নির্বাচনের যাবতীয় ব্যয় এই হিসাব থেকে করতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো ধরনের মিছিল করা যাবে না। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে পুলিশ, র্যাব, আনসার ও ব্যাটালিয়ন আনসার। ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে।