হাওর উন্নয়ন প্রকল্পে মৌলভীবাজারকে অন্তর্ভুক্ত করাসহ নয় দফা বাস্তবায়নের দাবিতে আগামী ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারে রাজপথ অবরোধ করা হবে। গতকাল বুধবার দুপুরে হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করে। সমাবেশে হাকালুকি, কাওয়াদীঘি ও হাইল হাওর অঞ্চলের কৃষক, মৎস্যজীবীরা ব্যানারসহ অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে মৌলভীবাজারের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি সঞ্চারকলিপি দেওয়া হয়। সমাবেশে রাজনগর উপজেলার মুন্সীবাজার এলাকার মাসুক মিয়া ক্ষোভের সঙ্গে বলেন, ‘কেউ একটু গিয়া (গিয়ে) যদি আমরারে দেখতো, আমরা কিলাখান (কি রকম) আছি! আমরার এলাকায় এখন নয় মাস বন্যা। ইজারাদারদের মৎস্য খামারের মধ্যে আমরা বসবাস করছি।’ কুলাউড়া উপজেলার মতিউর রহমান বলেন, ‘আইয়া দেখউকা (এসে দেখেন)। ব্যানার বাংলায় লেখা আছে। কোনো রাজনৈতিক ব্যানার লইয়া আইছি না (আসিনি)। পেটের জ্বালায় আইয়া রাস্তায় দাঁড়াইছি।’ মুক্তিযোদ্ধা বশির আহমদ বলেন, ‘আমরা যদি ভাতে মরে যাই। পানিতে মরে যাই। আমরারে দেখার কেউ নাই। আমরা সংগঠিত হলেই বাঁচব।’ এইচ এম আলাউদ্দিন বলেন, ‘হাওর উন্নয়নের ৯৪৫ কোটি টাকার প্রকল্পে মৌলভীবাজারকে যুক্ত না করা হলে আমরা রেলপথ, রাজপথ অবরোধ করব।’ হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজারের আহ্বায়ক গজনফর আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মামুনুর রশীদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিন আহমদ, নীহারেন্দু হোম চৌধুরী, চেরাগ আলী চৌধুরী, সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের জুনেদ আহমদ, একাটুনা ইউনিয়নের আলমগীর হোসেন, রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের সোহেল আহমদ, হাইল হাওর এলাকার বলরাম চন্দ্র ধর, মুজাহিদ আহমদ, সামাদ আহমদ প্রমুখ। নেতারা জানিয়েছেন, সমাবেশের শুরুতে পুলিশ বাধা দেয়। তবে নেতাদের হস্তক্ষেপে পুলিশ সরে গেলে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়। হাওর রক্ষা সংগ্রাম কমিটির দাবিসমূহের মধ্যে আছে: ৯৪৫ কোটি টাকার হাওর উন্নয়ন প্রকল্পে মৌলভীবাজার জেলাকে সংযুক্ত করা, হাকালুকি হাওরের চাতলা বিলসহ জেলার সব বিলকে অভয়াশ্রম ঘোষণা ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ, হাকালুকি-কাওয়াদীঘিসহ সব হাওরের জলমহাল ইজারা প্রথা বাতিল, লাইসেন্স প্রথা চালু, ভাসান পানিতে সব নাগরিকের মাছ ধরার অধিকার নিশ্চিত করা, মাছের প্রজননের সময় প্রকৃত জেলেদের জন্য রেশনের ব্যবস্থা চালু, দ্রুত জলাবদ্ধতা নিরসনসহ পাম্পহাউস আধুনিকায়ন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও বিনা সুদে কৃষিঋণ, সার, বীজ, কীটনাশকসহ আধুনিক কৃষি উপকরণ প্রদান, হাওরাঞ্চলে গ্রামীণ রেশনিং ব্যবস্থা চালু, মনু, কুশিয়ারা, জুড়ী, ধলাইসহ জেলার সব নদী-খাল খনন, হাকালুকি হাওরের অপরিকল্পিত বুড়িকেয়ারী বাঁধ অপসারণ, জুড়ী উপজেলায় কন্টিনালায় স্লুইসগেট নির্মাণ, কাওয়াদীঘি হাওরের জলাবদ্ধতা নিরসনে কাশিমপুর পাম্প হাউসের আধুনিকায়ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ইত্যাদি। স্মারকলিপিতে বলা হয়, জেলার ১৮টি বিলকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু অদ্যাবধি এই অভয়াশ্রমের ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত ৫ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভায় ‘হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প’ নামে ৯৪৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কিন্তু প্রকল্পে হাওর-অধ্যুষিত মৌলভীবাজার জেলাকে অন্তর্ভুক্ত করা হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকল্পে মৌলভীবাজারকে অন্তর্ভুক্ত করার দাবিতে বিভিন্ন সংগঠন ধারাবাহিক আন্দোলন করছে।