৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ৩০ হাজার ৫৬৩ পিস ইয়াবাসহ মিয়ানমারের এক ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা।
৪২ বর্ডার গার্ড টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গতকাল বেলা একটার দিকে টেকনাফ সদর বিওপির হাবিলদার মো. শামসুল আলমের নেতৃত্বে জওয়ানরা নাফ নদের তিন নম্বর স্লুইসগেটের সাবরাং বেড়িবাঁধের এলাকায় টহল দেওয়ার সময় হেঁটে যাওয়া এক ব্যক্তির হাতে একটি পলিথিন মোড়ানো ব্যাগ দেখতে পেয়ে তাকে দাঁড়ানোর সংকেত দিলে সে পালানোর চেষ্টা করে। বিজিবির সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। এ সময় পলিথিন মোড়ানো ব্যাগ থেকে ২১ হাজার ৭৩৫ ইয়াবা বড়ি পাওয়া যায়। আটক ব্যক্তি মিয়ানমারের মংডু শহরের দলিয়াপাড়ার বাসিন্দা মো. শুক্কুর আহমদের ছেলে মো. মুসা কলিমউল্লাহ (২৫)।
একই দিন বেলা দুইটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারিঘাট সংলগ্ন এলাকায় বিওপির হাবিলদার মো. তরিবুর রহমানের নেতৃত্বে জওয়ানরা টহল দেওয়ার সময় এক ব্যক্তিকে দেখতে পেয়ে দাঁড়ানোর সংকেত দিলে সে অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি তাকে ধাওয়া করলে সে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। বিজিবি ওই প্যাকেট থেকে আট হাজার ৮২৮ ইয়াবা বড়ি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার বড়ুয়া জানান, ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে বৈদেশিক ও মাদক আইনে দুটি মামলা রুজু করা হয়েছে।