৩০ হাজার টন চুনাপাথর কাগজে আছে মাঠে নেই
সুনামগঞ্জের ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের প্রায় ৩০ হাজার মেট্রিক টন চুনাপাথরের হদিস মিলছে না। ওই প্রকল্পে দায়িত্বরত ব্যবস্থাপক ও সিবিএ নেতারা মিলে এই পাথর বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ৩০ হাজার টন পাথরের বর্তমান মূল্য প্রায় তিন কোটি টাকা।এ ব্যাপারে ছাতক সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রথম আলোকে বলেন, ‘যাঁরা বিভিন্ন সময় প্রকল্পে দায়িত্ব পালন করেছেন, তাঁরাই বলতে পারবেন এই চুনাপাথর কোথায় আছে।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পটি ছাতক সিমেন্ট কোম্পানির অন্তর্ভুক্ত। দুটি প্রতিষ্ঠানই পরিচালনা করে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি)। ভারত থেকে আমদানি করা এবং খনি থেকে উত্তোলন করা চুনাপাথর ছাতক সিমেন্ট কারখানায় সরবরাহ করা হতো। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর বিসিআইসি ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর এখানে ৩৪ হাজার ৫৯৪ মেট্রিক টন চুনাপাথর মজুদ আছে বলে ছাতক সিমেন্ট কোম্পানির এক পত্রে উল্লেখ করা হয়।২০০৮ সালের ৩ জুলাই এ বিষয়ে ছাতক সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে উপব্যবস্থাপক (বাণিজ্যিক) মোজাম্মেল হক ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের তত্কালীন ব্যবস্থাপক দীন মোহাম্মদকে একটি পত্র দেন। ওই পত্রে তিনি উল্লেখ করেন, খনি প্রকল্পে ২০০৭ সালের ডিসেম্বরের সর্বশেষ মাসিক প্রতিবেদন অনুয়ায়ী, উত্পাদন খাতের ২৪ হাজার ৯০৬ মেট্রিক টন এবং আমাদানি খাতের নয় হাজার ৬৮৮ মেট্রিক টন, মোট ৩৪ হাজার ৫৯৪ মেট্রিক টন চুনাপাথর মজুদ রয়েছে। এর থেকে কী পরিমাণ পাথর ছাতক সিমেন্ট কারখানায় পরিবহন করা যাবে সে বিষয়ে জরুরি ভিত্তিতে জানানোর জন্য ওই পত্রে বলা হয়।এর পরিপ্রেক্ষিতে দীন মোহাম্মদ ওই বছরের ৫ জুলাই ছাতক সিমেন্ট কোম্পানিকে লিখিতভাবে জানান, উত্পাদন খাতের ২৪ হাজার ৯০৬ টন পাথর ট্যাকেরঘাটের তিনটি এলাকায় মজুদ আছে। এর মধ্যে শুধু ট্যাকেরঘাট থেকে তিন হাজার টন পাথর পরিবহন করা যাবে। অন্যদিকে, আমদানি খাতের নয় হাজার ৬৮৮ টন পাথর বালিয়াঘাট ও ট্যাকেরঘাট এলাকায় মজুদ দেখানো হচ্ছে। কিন্তু বালিয়াঘাট এলাকায় আমদানি খাতের পাথর দোকানপাটের নিচে ও সন্নিকটে থাকায় তা পরিবহন করা যাবে না। তবে ট্যাকেরঘাট থেকে আরও আট হাজার টন পরিবহন করা যাবে। সব মিলিয়ে ৩৪ হাজার ৯০৬ মেট্রিক টনের মধ্যে ১১ হাজার টন পরিবহন করা যাবে বলে দীন মোহাম্মদ ওই পত্রে উল্লেখ করেন।খোঁজ নিয়ে জানা গেছে, এরপর সব মিলিয়ে চার হাজার ৮০০ মেট্রিক টন পাথর ছাতকে পরিবহন করা হয়েছে। এগুলোও মাটিমিশ্রিত রাবিশ (পাথরের গুঁড়া)। প্রথমে ছাতক সিমেন্ট কারখানার কর্তৃপক্ষ মাটি মেশানো এই পাথর গ্রহণ করতে অস্বীকৃতি জানালেও পরে সিবিএ নেতাদের চাপে তা গ্রহণ করা হয়। প্রকল্প এলাকায় আর কোনো পাথর না থাকায় পরিবহন করা যায়নি।জানা গেছে, বিভিন্ন সময় প্রকল্পের ব্যবস্থাপক ও ছাতক সিমেন্ট কোম্পানির সিবিএ নেতাদের যোগসাজশে এ পাথর বিক্রি করা হয়েছে। যে কারণে কাগজপত্রে পাথরের মজুদ দেখানো হলেও বাস্তবে এখানে কোনো পাথর নেই। এখন পাথরের ঘাটতি পোষাতে রাস্তার ও দোকানপাটের নিচে, খালে, মাঠে পাথর আছে বলে উল্লেখ করা হচ্ছে। প্রকল্পটি বন্ধ হওয়ার সময় দায়িত্বরত ব্যবস্থাপক দীন মোহাম্মদ তাঁর পত্রে মোট ১৩ হাজার ১০৮ টন পাথরের হিসাব দেখিয়েছেন। বাকি ২১ হাজার ৪৮৬ টন পাথর কোথায় আছে তা উল্লেখ করেননি। তবে দীন মোহাম্মদ দাবি করেন, ‘২১ হাজার টন চুনাপাথর নাকি বালিয়াঘাটের একটি খালে আছে। কিন্তু তা পরিবহন করা যাবে না।’সম্প্রতি সরেজমিনে প্রকল্প এলাকায় দেখা গেছে, সেখানে পাথরের কোনো মজুদ নেই। প্রকল্প এলাকার দক্ষিণ-পশ্চিমে যেখানে উত্পাদন ও আমদানি করা পাথর রাখা হতো, সেখানেও কোনো পাথর নেই। মাটিতে কিছু পাথরের গুঁড়া ছড়িয়ে-ছিটিয়ে আছে। বর্তমানে প্রকল্পের ব্যবস্থাপক, একজন নিরাপত্তা পরিদর্শক ও ২৮ জন আনসার সেখানে দায়িত্ব পালন করছেন। বর্তমান ব্যবস্থাপক এস এম আবদুল হালিম পুরো প্রকল্প এলাকায় পাথরের মজুদ দেখাতে পারেননি।আবদুল হালিম জানান, প্রকল্পটি বন্ধ হওয়ার পর এখান থেকে চার হাজার ৮০০ টনের মতো পাথর ছাতকে পরিবহন করা হয়েছে। বর্তমানে প্রকল্প এলাকার এদিক-সেদিকে যে পরিমাণ পাথর ছড়িয়ে-ছিটিয়ে আছে, সব মিলিয়ে দুই হাজার টন হয়তো চেষ্টা করলে পরিবহন করা যেতে পারে।কিন্তু হিসাব অনুযায়ী এখানে প্রায় ৩০ হাজার টন পাথর আছে, সেই পাথর কোথায়—জানতে চাইলে এস এম আবদুল হালিম বলেন, ‘আমার জানা নেই। আমি আট-নয় মাস হয় এখানে আছি। আমাকে এখনো কোনো কাগজপত্র ও অফিসের চাবি বুঝিয়ে দেওয়া হয়নি। কেন দেওয়া হচ্ছে না তা বুঝতে পারছি না। যাঁরা আগে ছিলেন, তাঁরাই ভালো বলতে পারবেন এই পাথর তাঁরা কোথায় রেখেছেন।’ছাতক সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি তিন-চার মাস হয় ছাতকে এসেছি। ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের চুনাপাথরের হিসাব আমার জানা নেই। যাঁরা বিভিন্ন সময় সেখানে দায়িত্ব পালন করেছেন, তাঁরাই ভালো বলতে পারবেন পাথর কোথায় আছে।’