৩০ হাজার মানুষের ভাতা পাওয়া অনিশ্চিত
সমাজসেবা অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদের গাফিলতির কারণে চুয়াডাঙ্গায় ৩০ হাজার ২২৮ জন সুবিধাভোগীর ঈদের আগে ভাতার টাকা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
সুবিধাভোগীদের নামে ব্যাংকে বরাদ্দ পৌঁছালেও সমাজসেবা অধিদপ্তর থেকে তালিকা সরবরাহ না করায় ব্যাংক টাকা ছাড় করেনি। সমাজসেবা অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ২০ হাজার ১৪ জন বয়স্কভাতা, সাত হাজার ৮৮১ জন বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা এবং দুই হাজার ৩৩৩ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতা তালিকাভুক্ত রয়েছেন। এসব তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ৩০০ টাকা হিসাবে প্রতি তিন মাস পর পর নিকটবর্তী ব্যাংকের মাধ্যমে ৯০০ টাকা করে প্রদান করা হয়ে থাকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম কিস্তির (জুলাই-সেপ্টেম্বর) টাকা অক্টোবরে সুবিধাভোগীদের দেওয়ার কথা। ঈদ ও পূজার আগে সুবিধাভোগীরা যাতে টাকা পান সে জন্য গত ৬ অক্টোবর সমাজসেবা অধিদপ্তরের পরিচালকের (কার্যক্রম) কার্যালয় থেকে চুয়াডাঙ্গার সুবিধাভোগী বয়স্ক, অসচ্ছল প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তাদের অনুকূলে বরাদ্দ টাকা সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা প্রধান কার্যালয়ে পাঠানো হয়। অথচ, সমাজসেবা অধিদপ্তরের স্থানীয় কার্যালয় থেকে বয়স্ক, অসচ্ছল প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তাদের নামের তালিকা সংশ্লিষ্ট ব্যাংকে না পাঠানোর কারণে তাঁরা ভাতার টাকা তুলতে পারেননি। সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা প্রধান শাখার ব্যবস্থাপক আবদুর রশিদ জানান, রোববার ব্যাংকের শেষ কর্মদিবস। এখনো পর্যন্ত কোনো তালিকা পাওয়া যায়নি। তাই, ভাতা বিতরণ কার্যক্রমে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সমাজসেবা অধিদপ্তর চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত উপপরিচালক ছানোয়ার হোসেন জানান, গত ৯ অক্টোবর বরাদ্দপত্র হাতে পেয়েছি। কিন্তু, সময়-স্বল্পতায় হালনাগাদ তালিকা প্রস্তুত না হওয়ায় ব্যাংকে পাঠানো যায়নি।
জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন বলেন, ‘ভাতা নিয়ে সমস্যার বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে, রোববার যাতে সুবিধাভোগীরা ভাতা পেতে পারেন, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’