৩০ হাজার লিটার চোরাই তেলসহ ১৩ জন আটক
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার শীতলক্ষ্যা নদীতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার লিটার চোরাই জ্বালানি তেল জব্ধ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন আবদুর রহমান, মুনসুর, পাপ্পু, রবিউল, মাসুম, দোলোয়ার, সজীব, কোরবান আলী, বাদশা মিয়া, মনির হোসেন, রাজু মিয়া, মানিক ও কবির হোসেন। র্যাব সূত্রে জানা গেছে, বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের পোড়া জ্বালানি তেল পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের তেল মাটিচাপা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই তেল পরিশোধন করে ডিজেল হিসেবে বাজারে বিক্রি করে আসছে। উদ্ধার করা তেলের মূল্য অন্তত ১২ লাখ টাকা।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১-এর এএসপি জাহাঙ্গীর হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। অভিযানের সময় এই চক্রের অপর তিন সদস্য পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে।