৩০ হাজার হজযাত্রী নিয়ে শঙ্কা হাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানের ফ্লাইট জটিলতার কারণে ৩০ হাজার হজযাত্রীর নির্ধারিত সময়ে সৌদি আরব পৌঁছানো অনিশ্চিত বলে আশঙ্কা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাবের নেতারা এই আশঙ্কার কথা জানান।সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি আরব ও বাংলাদেশ সরকারের মধ্যে হজযাত্রী পরিবহন-সংক্রান্ত চুক্তি অনুসারে এ বছর হজযাত্রীর অর্ধেক বাংলাদেশ বিমান আর বাকি অর্ধেক সৌদিয়া ও নাস এয়ার পরিবহন করবে। তৃতীয় কোনো বিমান সংস্থা বা থার্ড ক্যারিয়ারকে হজযাত্রী পরিবহনের দায়িত্ব দেওয়া হয়নি। এ অবস্থায় অন্য বিমান সংস্থাগুলোকে সম্পৃক্ত করে যাতে নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে সৌদি আরব পৌঁছানো যায়, এর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন হাবের নেতারা।হাবের সভাপতি জামালউদ্দিন আহমেদ বলেন, বেশির ভাগ হজযাত্রী প্রথম দিকে সৌদি আরবে পৌঁছাতে চান। তাঁদের জন্য সৌদি আরবের মদিনায় নির্ধারিত সময়েই বাড়িভাড়া করে ফেলেছে হজ এজেন্সিগুলো। কিন্তু বিমান যে ফ্লাইটসূচি দিচ্ছে, তাতে দেখতে পাচ্ছি, ওই সময়ের মধ্যে অন্তত ৩০ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছাতে পারবেন না।