৩০-৩৫ লাখ টাকার গাছ সাড়ে চার লাখে বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জরিপ প্রতিবেদনে বাজার দরের তুলনায় গাছের দর কম নির্ধারণ ও ক্রেতাদের মধ্যে সমঝোতা হওয়ায় ঠাকুরগাঁওয়ের বাসস্ট্যান্ড থেকে রেলস্টেশন সড়কের বিভিন্ন প্রজাতির ৫৩টি গাছ খুবই কম দামে বিক্রির অভিযোগ উঠেছে। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।ঠাকুরগাঁও সওজ সূত্রে জানা যায়, শহরের বাসস্ট্যান্ড থেকে স্টেশন সড়কের বিভাজক (ডিভাইডার) নির্মাণ ও সড়ক প্রশস্ত করতে দুই পাশের ৫৪টি গাছ অপসারণের প্রয়োজন হয়। গাছের দর নির্ধারণের পর গত ৫ এপ্রিল সওজ রাজশাহী বিভাগের নির্বাহী বৃক্ষপালনবিদ নিলাম দরপত্র আহ্বান করেন। পরে একটি গাছ ব্যক্তি-মালিকানায় থাকায় তা নিলাম থেকে বাদ দেওয়া হয়। ঠাকুরগাঁও সওজ থেকে নয়টি গ্রুপের জন্য মোট ৬০টি দরপত্র বিক্রি হয়। নিলাম দরপত্র জমা দেওয়ার আগের দিনে ক্রেতাদের মধ্যে সমঝোতা হয়। সমঝোতায় নির্বাচিত ব্যক্তি জরিপের (সার্ভে) দরের চেয়ে সামান্য বেশি টাকা দরপত্রে দিয়ে গাছগুলো কিনে নেন। এটাকে বৈধতা দিয়ে বেশি দর প্রদান করে প্রতিটি গ্রুপে জমা দেন তিন থেকে পাঁচজন ক্রেতা।দর বিশ্লেষণে দেখা যায়, ১ নম্বর গ্রুপের আটটি গাছের জন্য জরিপে দর ধরা হয় ৪২ হাজার ৮৫৭ টাকা। আর নিলামে ওই আটটি গাছ বিক্রি হয় দরের কিছু বেশি ৫৫ হাজার টাকায়। একইভাবে ২ নম্বর গ্রুপের ছয়টি গাছের দর ধরা হয় ৪৮ হাজার ১০৪ টাকা। নিলামে সেগুলো বিক্রি হয় ৫৫ হাজার টাকায়। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন কাঠের দোকানে কথা বলে জানা গেছে, নিলামের ওই ৫৩টি গাছের বাজারদর ন্যূনতম ৩০ থেকে ৩৫ লাখ টাকা। আর নিলামে বিক্রি হয়েছে মাত্র চার লাখ ৬৫ হাজার ৭০০ টাকায়। ঠাকুরগাঁও গণপূর্ত ভবনের সামনের একটি মেহগনিগাছ কাটার সময় শ্রমিক পোশির (৩২) প্রথম আলোকে জানান, এমন মানের কাঠ সহজলভ্য নয় বলে বাজারে এর চাহিদা অনেক। ৮ নম্বর গ্রুপের একটি মেহগনিগাছ কাটার সময় এক শ্রমিক জানান, তিনি দেশের বিভিন্ন জায়গায় গাছ কেটেছেন। এমন পুরোনো মেহগনিগাছ তাঁর চোখে পড়েনি। এমন একটি গাছের দাম কত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এমন ভালো কাঠ টাকা দিয়া কোনঠে পাইবেন।’ঠাকুরগাঁও শহরের কাঠ ব্যবসায়ী আ ক ম সিরাজদৌলাহ বলেন, ৫০ থেকে ৭০ বছরের পুরোনো কাঁঠাল, শিশু ও মেহগনিগাছের মূল্য টাকা দিয়ে নির্ধারণ করা যায় না। এমন মানের এক ঘনফুট কাঠ বাজারে আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রি হয়। জরিপ প্রতিবেদনে গাছের অনুমোদিত দর বাজার দরের তুলনায় অনেক কম ও দরপত্রে সমঝোতার ফলে সরকার অনেক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, তিনি প্রায় ৪৮ হাজার টাকায় দুটি মেহগনিগাছ কিনে স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর কাছে ছয় লাখ টাকায় বিক্রি করেছেন। সার্ভে প্রতিবেদনে গাছের অনুমোদিত দর কম বলে এটা সম্ভব হয়েছে।ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা নীলফামারী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুল আলম বলেন, সড়কের গাছের দর রাজশাহী বিভাগীয় নির্বাহী বৃক্ষপালনবিদ নির্ধারণ করে দরপত্র আহ্বান করেছেন। বাজার দরের চেয়ে এই দর কম হলেও তাঁদের করার কিছুই নেই।এ বিষয়ে রাজশাহী সওজ বিভাগের নির্বাহী বৃক্ষপালনবিদ মো. কামাল উদ্দিন মোল্লা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গাছগুলো সওজ বিভাগের অনুমোদিত দর অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। তাঁর কাছেও এই দর অনেক কম বলে মনে হয়।