৩০ 'কিশোর সন্ত্রাসীর' কাছে জিম্মি মানুষ
যশোর শহরের ষষ্ঠীতলা, রায়পাড়া ও শংকরপুর এলাকায় চুরি-ছিনতাই বেড়ে গেছে। রেললাইন বস্তি এলাকার উঠতি বয়সের ৩০ সন্ত্রাসীর হাতে গোটা এলাকার লক্ষাধিক মানুষ জিম্মি হয়ে পড়েছে।
সম্প্রতি ষষ্ঠীতলাপাড়া এলাকার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটসংলগ্ন এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকায় গত তিন মাসে প্রায় ৫০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১৬ থেকে ১৮ বছর বয়সের কিশোরেরা রাস্তায় দিন-দুপুরে যখন-তখন চাকু ঠেকিয়ে টাকা-মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদ হাসান গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ষষ্ঠীতলা এলাকার মেসে ফেরার সময়ে পিটিআইসংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন ছিনিয়ে নেয়। সপ্তাহ দুয়েক আগে এমএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্র সন্ধ্যায় মেসের সামনে মুদি দোকানে গেলে ছিনতাইকারীরা তাঁর গায়ের ব্লেজার খুলে নেয়।
ষষ্ঠীতলাপাড়ার আনাম ম্যানসন নামের একটি মেসে থেকে ১৩ জন শিক্ষার্থী লেখাপড়া করতেন। ছিনতাইকারীদের ভয়ে এর মধ্যে সাতজন মেস ছেড়ে চলে গেছেন। যে কয়েকজন আছেন তাঁরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাঁরাও চলে যাবেন বলে জানান। ভয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি মেসের ছাত্ররা জানান, রেললাইন বস্তির চিহ্নিত কয়েকজন কিশোরের নের্তৃত্বে আট-দশজন প্রতিনিয়ত ষষ্ঠীতলাপাড়ায় চুরি-ছিনতাই-চাঁদাবাজি করছে। কিছু বললেই তারা যাকে-তাকে মারধর করে।
একজন মুদি দোকানদার জানান, গত তিন মাসে শুধু পিটিআইসংলগ্ন এলাকায় ৫০টির মতো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অন্তত ২০ ব্যক্তি ছিনতাইকারীদের হাতে আহত হয়েছেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক শোয়েব উদ্দীন বলেন, ষষ্ঠীতলা, রায়পাড়া ও শংকরপুর এলাকার রেললাইনের আশপাশে অন্তত ৩০ জন উঠতি বয়সের সন্ত্রাসী রয়েছে। এদের সবার বয়স ১৬ থেকে ১৮ বছর। সবার কাছে থাকে চাকু। মাদক সেবন ও বহনের কাজের সঙ্গেও এরা জড়িত। এদের বেশির ভাগ পুলিশের হাতে আটক হয়েছে। কিন্তু পরে তারা জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আবার চুরি-ছিনতাই শুরু করছে। তিনি জানান, সহিংসতা সৃষ্টির জন্য রাজনীতিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। যে কারণে তারা পার পেয়ে যাচ্ছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত সদর উপজেলায় ১০৬টি চুরি ও ৩৭টি ছিনতাইয়ের মামলা হয়েছে। বেশির ভাগ ঘটনা ঘটেছে রেললাইনের আশপাশের এলাকায়। অবশ্য প্রকৃত অর্থে চুরির চেয়ে ছিনতাইয়ের ঘটনাই বেশি ঘটে। আর বেশির ভাগ ছিনতাইয়ের ঘটনায়ই ভুক্তভোগীরা মামলা করেন না। সহকারী পুলিশ সুপার (সদর) রেশমা শারমিন বলেন, ‘ষষ্ঠীতলাপাড়া এলাকায় মেস ছেড়ে ভয়ে শিক্ষার্থীরা চলে যাচ্ছে এমন তথ্য তো কেউ পুলিশকে জানাননি। এখন জানতে পারলাম, ওই এলাকায় পুলিশ টহল বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’