৩০টি ফেরির অধিকাংশই জরাজীর্ণ

দক্ষিণাঞ্চলে চলাচলকারী ৩০টি ফেরির বেশির ভাগ জরাজীর্ণ। ঘাটগুলোর অবস্থাও খারাপ। প্রায়ই বন্ধ হয়ে যাচ্ছে ফেরি চলাচল। যাত্রী ও চালকদের অভিযোগ, লাখ লাখ মানুষ বিড়ম্বনার শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
দক্ষিণাঞ্চলে ২২টি রুটে ফেরি চলাচল করে। সড়ক ও জনপথের (সওজ) ফেরি বিভাগ সূত্র জানায়, দক্ষিণাঞ্চলে সওজের প্রায় ২৮টি ফেরি চলে। ফেরিগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত অর্থ নেই। এ রুটগুলোর বেশির ভাগ ফেরি মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি পুরোনো ফেরিগুলো মেরামত করতে একটি প্রকল্প নেওয়া হয়। এর অধীনে বরিশাল ও পটুয়াখালী জেলার ১৫টি ফেরির কাজ করা হয়। বাকি ফেরিগুলো বলতে গেলে অচল অবস্থায় কোনো রকমে ধুঁকে ধুঁকে চলছে।
বরগুনা-পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পায়রা নদীর (আমতলী-বরগুনা রুটের) ফেরিটি প্রায় সময়ই মাঝপথে বিকল হয়ে পড়ে। এর দুটি ইঞ্জিনের মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল। সম্প্রতি কলাপাড়া থেকে এনে একটি পুরোনো ফেরি এখানে সংযোজন করা হয়। সেটির অবস্থাও ভালো না। বরগুনা-বরিশাল পথের বাসচালক রেজাউল করিম বলেন, পায়রা নদী পারাপারে অনেক সময় লাগে। প্রায়ই মাঝনদীতে ফেরি বন্ধ হয়ে যায়। তখন ঝামেলার শেষ থাকে না। এ ছাড়া, পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে প্রায়ই পানিতে ডুবে যায়।
লেবুখালী ফেরিঘাটের দুই পাড়ের পুরোনো পন্টুন ও গ্যাংওয়ের অবস্থা নাজুক। গাড়ির চালকেরা ফেরিতে ওঠার সময় ভয়ে ভয়ে থাকেন। বরগুনা-পিরোজপুর-খুলনা পথের বিষখালী নদীর আমুয়া ঘাটে দুটি ফেরি থাকলেও তার একটি দীর্ঘদিন ধরে বিকল। আরেকটি ফেরি জরাজীর্ণ হয়ে পড়ায় ঝুঁকি নিয়ে সেটি চলাচল করছে। বরিশাল-পিরোজপুর-বাগেরহাট-খুলনা মহাসড়কের বেকুটিয়া ও চরখালী ফেরিঘাটে চারটি ফেরি আছে, যার সব কটির অবস্থা খারাপ।
বরিশালের সঙ্গে পূর্বাঞ্চলের যোগাযোগের একমাত্র ফেরিঘাট বেলতলা। এ ফেরিঘাটের গ্যাংওয়ে কীর্তনখোলা নদীর ভাঙনে নাজুক হয়ে পড়েছে। সেখানে চলাচলকারী একটি ফেরির ইস্পাতের দেহে মরিচা পড়া ও বিভিন্ন জায়গায় ফাটল। নাজুক অবস্থার জন্য এ ফেরিটি রাতে চলাচল করে না।
ভোলা ও লক্ষ্মীপুরের মধ্যবর্তী ইলিশা-মজুচৌধুরীর হাট এবং ভোলা ও বরিশাল রুটের ভেদুরিয়া-লাহারহাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ফেরি চলে। মেঘনায় কয়েক দফার ভাঙনে ভোলার ইলিশা প্রান্তে বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রণাধীন ফেরি সার্ভিসটি গত বছরের জুন মাসে বন্ধ হয়ে যায়। প্রায় দুই মাস বন্ধ থাকার পর বিকল্প ব্যবস্থায় মজুচৌধুরীরহাট থেকে সরাসরি ভেদুরিয়া পর্যন্ত ফেরি চলাচল পুনঃস্থাপন করা হয়। কিন্তু এতে সময় লাগে প্রায় আট ঘণ্টা। গত ডিসেম্বরে আবার ইলিশা প্রান্তে ফেরি সার্ভিস চালু হলেও ফেরি সংকটে ব্যাহত হচ্ছে পারাপার।
কয়েকটি গাড়ির চালকেরা বলেন, ফেরি চলাচলে সংশ্লিষ্ট বিভাগের যথাযথ নজরদারি ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিএর ইলিশা ঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, এখানে কমপক্ষে চারটি ফেরির দরকার। এ ছাড়া ডুবোচরের কারণে ভাটার সময় ফেরি চলাচলে সমস্যা হয়। এসব সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পর একটি কস্তুরি ফেরি দেওয়া হয়। সেটিও এখন বিকল হয়ে পড়ে আছে। এখন একটি ফেরি দিয়ে কোনোমতে অবস্থা সামাল দেওয়া হচ্ছে।
ভেদুরিয়া-লাহারহাট পথে বিআইডব্লিউটিএর তিনটি ইউটিলিটি ফেরির মধ্যে দুটি চলছে। নাব্যতা সংকটের কারণে জোয়ার-ভাটার ওপর নির্ভর করে এগুলো চলাচল করে।
সওজের ফেরি বিভাগের বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোসলেহ উদ্দীন বলেন, ‘নদীর নাব্যতা সংকটের বিষয়টি প্রাকৃতিক সমস্যা। আর জরাজীর্ণ এসব ফেরি মেরামত ও নতুন ফেরি দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি অল্প দিনের মধ্যেই এসব সমস্যার সমাধান হয়ে যাবে।’