৩০টি বুদ্ধমূর্তি দিয়েছে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা সরকার বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়কে ৩০টি বুদ্ধমূর্তি দিয়েছে। সাদা রঙের এসব মূর্তির উচ্চতা পাঁচ থেকে ছয় ফুট। বুদ্ধমূর্তি বিতরণ উপলক্ষে গত বুধবার বিকেলে কক্সবাজারের রামুর কেন্দ্রীয় সীমা বিহার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার এ জি আবেসেকারা। অনুষ্ঠানে তিনি সীমা বিহার, লালচিং, সাদাচিং বিহারসহ উখিয়া, টেকনাফ, পটিয়া, নাইক্ষ্যংছড়ি ও লামার বিভিন্ন বিহার কর্তৃপক্ষের কাছে এসব বুদ্ধমূর্তি বিতরণ করেন।
শ্রীলঙ্কা হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক অত্যন্ত গভীর। শ্রীলঙ্কা সরকারের পক্ষে রামুতে বুদ্ধমূর্তিগুলো হস্তান্তর করতে এসেছি আমি। হামলার পর রামুর বর্তমান রূপ দেখে আমি মুগ্ধ, আনন্দিত।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীলঙ্কার সহযোগী হাইকমিশনার রোহিতা রোদ্রিগো, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ হোসেন।
বক্তব্য দেন ভিক্ষু প্রিয়রত্ন মহাথের, প্রজ্ঞানন্দ ভিক্ষু, অধ্যাপক নিলোৎপল বড়ুয়া প্রমুখ।
২০১২ সালের ২৯ ও ৩০ সেপ্টেম্বর উগ্র গোষ্ঠীর রামু ও উখিয়া-টেকনাফের ১৯টি বৌদ্ধ বিহারে হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় ছোট-বড় অসংখ্য বুদ্ধমূর্তি পুড়ে যায়।