নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকার শেরেবাংলা মার্কেটে গতকাল মঙ্গলবার ভোরে আগুন লেগে ৩০টি হোসিয়ারি দোকান ও কারখানা পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ পাঁচজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে শেরেবাংলা মার্কেটের (একতলা ভবনের ওপর টিন দিয়ে তৈরি দোতলা মার্কেট) নিচতলায় প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন দোতলায়ও ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় মার্কেটের নিচতলার ১৬টি হোসিয়ারি দোকান (সুতা, গার্মেন্টস পণ্য, বোতামসহ বিভিন্ন দোকান) ও দোতলার ১৪টি হোসিয়ারি কারখানা (গার্মেন্টস পণ্য, গেঞ্জি ও টুপি তৈরি করা হয়)। খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ এবং ঢাকার ডেমরা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।মার্কেটের আল হাবিব স্টোরের মালিক সুজন মিয়া জানান, প্রতিটা দোকান ও কারখানায় ঈদকে সামনে রেখে প্রচুর তৈরি পোশাক, টুপিসহ বিভিন্ন পণ্য ছিল। আগুনে কমপক্ষে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক কে এম সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।