৩০তম বিসিএসে উত্তীর্ণ ২,২৬২ জনকে নিয়োগ
৩০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ২৬২ জনকে সরকারের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ৩ জুন ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদান করতে হবে।গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল হবে।নিয়োগ পাওয়াদের মধ্যে ২৭৭ জন প্রশাসন ক্যাডার (সহকারী কমিশনার) এবং ১৮৭ জন পুলিশ ক্যাডারের (সহকারী পুলিশ সুপার)। গত বছরের ২ নভেম্বর ৩০তম বিসিএসে উত্তীর্ণ দুই হাজার ৩৬৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল বাংলাদেশ সরকারি কর্মকমিশন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাকি ১০৫ জনকে পুলিশি যাচাইসহ কয়েকটি কারণে নিয়োগ দেওয়া যায়নি। পরে এ বিষয়গুলো সুরাহা করে তাঁদের নিয়োগ দেওয়া হবে।দুই সচিবকে বদলি: এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় অপর এক আদেশে জানায়, খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্র এবং প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদারকে সমপর্যায়ের পদে নিয়োগের জন্য চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. নিয়াজউদ্দিন মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধক (অতিরিক্ত সচিব) বেগম মুশফেকা ইকফাৎকে খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।আরেক আদেশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সচিব চৌধুরী মো. বাবুল হাসানকে একই পদে রেখে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে।