৩০তম বিসিএসের ফল প্রকাশে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা বাতিল চেয়ে করা রিটের শুনানি ৩ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শুনানি মুলতবি করেন। তবে আদালত কোনো আদেশ দেননি। ফলে বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশে বাধা নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।জানা যায়, ৩০ জুলাই দেশের ১১০টি কেন্দ্রে ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্রের ২ নম্বর সেটে অসংগতি রয়েছে উল্লেখ করে পরীক্ষা বাতিলের দাবিতে গত রোববার শফিউল ইসলাম মণ্ডলসহ ১৯ জন পরীক্ষার্থী হাইকোর্টে রিটটি করেন। ওই দিন সরকারপক্ষ সময় চেয়ে আবেদন জানালে আদালত শুনানি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ না করার মৌখিক নির্দেশ দেন। গতকাল এ রিটের ওপর শুনানি হয়। আদালতে সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, পিএসসির পক্ষে আইনজীবী মো. আসাদুল্লাহ এবং রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ মামলা পরিচালনা করেন।মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, পরীক্ষার ফল প্রকাশ না করার ব্যাপারে আদালত কোনো নির্দেশ দেননি। তিনি বলেন, পিএসসি ১ আগস্ট এক বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, প্রশ্নপত্রের ২ নম্বর সেটে পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে কমিশন দৃষ্টি রাখবে। আদালত বলেছেন, পিএসসি এ বিজ্ঞপ্তির আলোকে কী ব্যবস্থা নেয়, আদালত তা দেখবেন। তবে ফল প্রকাশের ব্যাপারে আইনগত কোনো বাধা নেই বলে তিনি জানান।তবে রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরশেদ প্রথম আলোকে বলেন, পিএসসি এ বিষয়ে গ্রহণযোগ্য সমাধানের কথা বলেছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আদালতে দাখিল করা হয়েছে। আদালত পিএসসির এ পদক্ষেপ পর্যালোচনা করবেন। এ জন্য ৩ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। তাই ফল প্রকাশের সুযোগ নেই।এর আগে শুনানিতে রিটকারীদের আইনজীবী বলেন, সংবিধানের ১৪০(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ক্যাডার সার্ভিসে লোক নিয়োগের দায়িত্ব পিএসসির। ৩০তম বিসিএস পরীক্ষায় পিএসসি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত। এখন ফল প্রকাশ করা হলে প্রায় ৫০ হাজার পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, তিনটি সেটের মধ্যে শুধু ২ নম্বর সেটের প্রশ্নে অসংগতি রয়েছে। এ অবস্থায় পুনরায় পরীক্ষা নেওয়া হলে অন্তত এক লাখ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়ে পিএসসি গ্রহণযোগ্য সমাধান করবে বলেও জানান তিনি। পিএসসির আইনজীবী ১ আগস্টের বিজ্ঞপ্তিটি আদালতে উপস্থাপন করেন। শুনানির একপর্যায়ে আদালত পিএসসি ও পিএসসির চেয়ারম্যানের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।