৩০০ অবৈধ লেগুনা থেকে চাঁদা নেয় নেতা-পুলিশ
ঢাকার সাভার ও আশুলিয়ায় দুই বছরেরও বেশি সময় ধরে লেগুনা (হিউম্যান হলার) চালান খোরশেদ আলম। মাইক্রোবাস থেকে লেগুনায় রূপান্তর করা তাঁর গাড়িটির সামনের বাঁ পাশের দরজা নেই। এর পরও অস্পষ্ট নম্বরের ভাঙাচোরা ওই গাড়িটি নির্বিঘ্নে চলাচল করছে। অবশ্য এ জন্য তাঁকে ঘাটে ঘাটে দিতে হচ্ছে চাঁদা। যাত্রী ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভাঙাচোরা গাড়ি চালাচ্ছেন কেন—এমন প্রশ্নের জবাবে খোরশেদ আলম বলেন, ‘আমাদের মতো গরিব মানুষের কাছে জীবনের ঝুঁকির চেয়ে পেটের ঝুঁকি অনেক বড়।’ পুলিশ ধরে না—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ধরবে কেন? নিয়মিত চাঁদা দিই না।’ ম্যাক্সি ও লেগুনার মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার ছয়টি সড়কপথে (রুট) অনুপযোগী তিন শতাধিক লেগুনা ও ম্যাক্সি চলাচল করে। এসব যানবাহন থেকে প্রতিদিন ১০ থেকে ১৯০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। চাঁদার বিনিময়ে পার পেয়ে যাওয়া এসব গাড়িতে উঠে সড়ক দুর্ঘটনায় পড়ছে অনেকে। অনুসন্ধানে জানা যায়, নবীনগর-ধানতারা সড়কে প্রতিটি ম্যাক্সি ও লেগুনা থেকে প্রতিদিন ধামরাইয়ের ধানতারায় ৪০ টাকা, আমতলায় ১৫, ধুলিভিটায় ৯০, সাভারের নয়ারহাটে ১০ ও নবীনগরে ২০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। নবীনগর-খরারচর পথে খরারচরে ২৫ টাকা, সুয়াপুর নান্নায় ১০, কালামপুরে ৪০, ধুলিভিটায় ২০, নয়ারহাটে ১০ ও রবীনগরে ২০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। নবীনগর-বাইশাকান্দা সড়কপথে ধামরাইয়ের বাইশাকান্দায় ২০ টাকা, কালামপুরে ৬০, কুশুরিয়ায় ১০ ও নবীনগরে ১০ টাকা করে চাঁদা আদায় করা হয়। নবীনগর-কালিয়াকৈর সড়কের কালিয়াকৈরে ৪০ টাকা, জীরানিতে ১০ ও নবীনগরে ২৫ টাকা হারে চাঁদা আদায় করা হয়। নবীনগর-আবদুল্লাপুর পথে নবীনগরে ৫০ টাকা, বাইপাইলে ২০ ও আবদুল্লাহপুরে ১২০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। এ ছাড়া নবীনগর-আশুলিয়া সড়কের আশুলিয়ায় ৩০ টাকা, বাইপাইলে ৬০ ও নবীনগরে ২০ টাকা করে চাঁদা দিতে হয়।এই হিসাব অনুযায়ী এসব স্থান থেকে প্রতিদিন প্রায় ৬০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। অভিযোগ আছে, চাঁদার উল্লেখযোগ্য একটা অংশ পুলিশকে দিয়ে বাকিটা মালিক ও শ্রমিকনেতারা ভাগ করে নেন। লেগুনাচালক মাশুক, আলম, মাসুদ রানা ও মালিক সাইফুল ইসলাম জানান, মালিক সমিতির নিয়োগ করা লোকজন উপরোল্লিখিত স্থানগুলোতে দাঁড়িয়ে থেকে এই চাঁদা আদায় করেন।সাভার ম্যাক্সি ও লেগুনা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বকুল হোসেন সরকার বলেন, ‘নিরাপদে চলাচলের জন্য আদায় করা চাঁদার উল্লেখযোগ্য একটা অংশ প্রতি মাসে ট্রাফিক ও হাইওয়ে পুলিশকে দিতে হয়। বাকি টাকা নানাভাবে খরচ হয়ে যায়।’আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি নবীনগর-কালিয়াকৈর সড়কের পলাশবাড়ী এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে পাঁচজন নিহত ও আরও পাঁচজন আহত হয়। গত ২ মার্চ আবদুল্লাপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার বগাবাড়ী এলাকায় লেগুনা-বাসের সংঘর্ষে মারা যায় তিনজন ও আহত হয় চারজন। লেগুনা ও ম্যাক্সি দুর্ঘটনায় গত এক মাসে আরও কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছে। ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অনুমোদন ছাড়া এক যান অন্য যানে পরিবর্তন করা অপরাধ। কেউ করলে পাঁচ হাজার টাকা জরিমানা বা চালকের জেলের বিধান রাখা রয়েছে। আর নিবন্ধন ও চলাচল-উপযোগিতার সনদপত্র না থাকলে দুই থেকে পাঁচ হাজার টাকা জরিমানা করারও বিধান রয়েছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন ও আশুলিয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, প্রচলিত আইন অমান্য করে কোনো যানবাহন চলাচল করলে তা দেখার দায়িত্ব মূলত হাইওয়ে ও ট্রাফিক পুলিশের। তবে থানার পুলিশেরও আইন প্রয়োগ করার ক্ষমতা রয়েছে। কিন্তু নিজস্ব যানবাহনের অভাবে এলাকার আইনশৃঙ্খলা রক্ষার কাজে পুলিশকেই প্রতি রাতে লেগুনা ও ম্যাক্সি ব্যবহার করতে হয়। সাভার ট্রাফিকের পরিদর্শক জাহিদ আলম বিশ্বাস বলেন, ‘এসব যানবাহন নিয়ন্ত্রণ করেন সরকারদলীয় নেতারা। এ কারণে যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।’ মালিক ও শ্রমিক সমিতির নামে বিপুল পরিমাণ চাঁদা আদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সবাই জানে।’ সাভার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নাজমুল হুদা বলেন, নানা পক্ষের অসহযোগিতার কারণে চলাচল-অনুপযোগী ম্যাক্সি ও লেগুনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। তবে চাঁদার ভাগ পাওয়ার কথা তিনি অস্বীকার করেন।