৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে নাগরিক ঐক্য
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা ভাবছে সদ্য আত্মপ্রকাশ করা সংগঠন ‘নাগরিক ঐক্য’।সংগঠনের আহ্বায়ক ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না গতকাল শনিবার এক আলোচনা সভায় এ কথা বলেন। তাঁর মতে, আওয়ামী লীগ ও বিএনপির বাইরে জনগণের বিকল্প মঞ্চ হিসেবে তৃতীয় শক্তির উত্থান জরুরি। জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক সমাজ গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে ‘নাগরিক ঐক্য’।এতে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে গণতন্ত্রের লেশমাত্র নেই। এ অবস্থা থেকে উত্তরণ পেতে হলে দেশে তৃতীয় শক্তির উত্থান জরুরি।’ মাহমুদুর রহমান মান্না বলেন,আমরা ৩০০ আসনে “নাগরিক ঐক্য” থেকে নির্বাচন করার কথা ভাবছি।’ তিনি পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে বিনিময় হওয়া সব চিঠি জনসমক্ষে প্রকাশ করারও দাবি জানান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘একজন দুর্নীতিবাজ মন্ত্রীর কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থ বরাদ্দ বাতিল করেছে। এ জন্য বিশ্বের কাছে বাংলাদেশ ছোট হয়েছে। সরকারের এমন কী স্বার্থ আছে যে তাঁকে মন্ত্রী রাখতেই হবে?’ তিনি বলেন, সুশাসনের জন্য তৃতীয় কোনো শক্তির দরকার। নাগরিক ঐক্য সে ক্ষেত্রে এগিয়ে আসবে বলে আমি আশা করি।আলোচনা সভায় আরও বক্তব্য দেন আইনজীবী তুহিন মালিক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম, সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান প্রমুখ।