যুক্তরাজ্যে প্রায় ৩০০ কিলোমিটার পথ হেঁটে বাংলাদেশি বংশোদ্ভূত ছয়জন তরুণ-তরুণী আজ বুধবার লন্ডন পৌঁছাবেন। যুক্তরাজ্য একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকা ব্যক্তিদের আশ্রয়কেন্দ্র হতে পারে না—এই বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দপ্তরে আজ তাঁরা একটি স্মারকলিপি দেবেন। ছয় তরুণ-তরুণী ২০ মার্চ যুক্তরাজ্যে প্রথম নির্মিত ম্যানচেস্টারের ওল্ডহ্যামের শহীদ মিনার থেকে যাত্রা শুরু করেন। ওয়াকিং ফর জাস্টিস বা ন্যায়বিচারের জন্য পদযাত্রা নামের এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং অভিযুক্ত ব্যক্তিদের বিচারে সমর্থন আদায়।পদযাত্রায় অংশগ্রহণকারী তরুণ ফজলুল কবির জানান, তাঁরা ২৬ মার্চ রিজেন্ট পার্কে যান। সেখানে যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চ তাঁদের স্বাগত জানায়। সেখান থেকে তাঁরা আজ যাবেন ডাউনিং স্ট্রিটে।কবির জানান, প্রধানমন্ত্রীর দপ্তরে দেওয়া স্মারকলিপিতে তাঁরা যুদ্ধাপরাধের অভিযোগ থাকা যুক্তরাজ্যে বসবাসরত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানাবেন।