৩০০ কোটি টাকা অপচয়ের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়োনিষ্কাশন নালার সঙ্গে সংযোগ রেখেই ৩০০ কোটি টাকা ব্যয়ে খুলনা মহানগরের অভ্যন্তরের খালগুলোর সংস্কার শুরু হয়েছে। ফলে নগরের বর্জ্য সরাসরি খালে গিয়ে পড়বে। এতে পরিবেশের ক্ষতি অব্যাহত থাকার পাশাপাশি সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা। এতে অর্থের অপচয় হবে বলে তাঁদের ধারণা।
খুলনা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে ২০০৮ সালে নগরের ২২টি খাল দখলমুক্ত করার সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে ওই ২২টি খালসংলগ্ন আরও ২৫টি খাল দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয় করপোরেশন। এরপর নগরের ভেতরের খালগুলো সংস্কার করার পর এর পাশ দিয়ে বৃক্ষরোপণ, হাঁটার পথ (ফুটপাত) তৈরি এবং খালের পাড়ে সুবিধাজনক স্থানে পার্ক ও বিভিন্ন ধরনের বিনোদনকেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০০৮ সালের ২৯ মার্চ নিরালা খাল দখলমুক্ত করার মাধ্যমে শুরু হয় খাল সংস্কারের প্রক্রিয়া। পরে ময়ূর নদের পাড়ে বিনোদনকেন্দ্র হিসেবে পার্ক নির্মাণের কাজও শুরু হয়। ২০১৩ সালের ১৯ আগস্ট পাঁচটি খালের দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে ৩০০ কোটি টাকার নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের (সিআরডিপি) কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরই মধ্যে ১৫টি খাল সংস্কারের দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সম্প্রতি বাস্তুহারা খালের খনন শুরু হয়েছে। শিগগিরই বাকিগুলোর খনন শুরু হবে।
খাল সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষক দিলীপ দত্ত বলেন, ‘আমরা বলেছিলাম ড্রেনের পানি যদি নদী ও খালে ফেলতেই হয়, তবে তা পরিশোধন করেই ফেলতে হবে। অন্যথায় সংস্কার হবে পরিবেশের সঙ্গে সংঘাতপূর্ণ এবং ব্যর্থ। নালার বর্জ্যের কারণে নদী ও খালের মৃত্যু হয়েছে। সংস্কার করা খালে পুনরায় ড্রেনের বর্জ্য নিঃসরিত হলে খাল আগের অবস্থায় ফিরে যাবে। সংস্কার কোনো কাজেই আসবে না।’
খাল সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আলমগীর বলেন, ‘খাল সংস্কারের পর যদি ড্রেনের বর্জ্য আবার খালেই ফেলতে হয়, তাহলে অবশ্যই পরিশোধন করে ফেলতে হবে; যা অতি সহজ পদ্ধতি ও অল্প খরচেই করা সম্ভব। পরিশোধন না করে যদি ড্রেনের বর্জ্য নদীতে বা খালে ফেলা হয়, তবে তা হবে আত্মঘাতী। প্রকল্পের শুরুতে এটি না করা হলে পরবর্তী সময়ে আরও কঠিন হবে।’
নালার সঙ্গে খালের সংযোগ রেখেই সংস্কার করার বিষয়টি নিশ্চিত করে সিআরডিপি প্রকল্পের প্রধান পরিকল্পনাবিদ (চিফ প্ল্যানিং অফিসার) আবির উল জব্বার বলেন, সরাসরি ময়লা পড়লে সমস্যা তো হবেই। অদূর ভবিষ্যতে হয়তো খালগুলো ভরাট হয়ে যেতে পারে। ময়লা পানি পরিশোধন করে খালে ফেলতে কয়েক কোটি টাকার প্রয়োজন। কিন্তু বরাদ্দ নেই।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, এই প্রকল্পে এই দিকটি রাখা হয়নি। তবে ভবিষ্যতে নালার মুখে পানি রিজার্ভ করে ময়লা জমিয়ে পরিষ্কার পানি খালে ফেলার পরিকল্পনা রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের খুলনার উপপরিচালক তরুণ কান্তি শিকদার বলেন, এভাবে খাল সংস্কার করলে বর্জ্যের দুর্গন্ধে পরিবেশও দূষিত হবে। লোকজন নদী-খালের পাড়ে বেড়াতে চাইবে না।