৩০০ গাছের মৃত্যু ঠেকাতে ফরিদপুরে মানবপ্রাচীর
ফরিদপুর শহরে শতবর্ষী গাছসহ তিন শতাধিক গাছের ‘মৃত্যু পরোয়ানা’ জারির প্রতিবাদ করেছে সর্বস্তরের মানুষ। গাছগুলো রক্ষার দাবিতে গতকাল বুধবার শহরের জিলা স্কুলের সামনে মুজিব সড়কে মানববন্ধন ও মানবপ্রাচীর কর্মসূচি পালিত হয়েছে।জানা গেছে, ‘ফরিদপুর শহর উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ৫৪ কোটি টাকা ব্যয়ে শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে সিএনবি ঘাট পর্যন্ত আট কিলোমিটার সড়ক ও নদী গবেষণা ইনস্টিটিউট থেকে ভাঙা রাস্তার মোড় পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক ডিভাইডারসহ প্রশস্তকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য সড়ক দুটির দুই পাশে তিন শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে ফেলার জন্য লাল কালি দিয়ে দাগ দেওয়া হয়। গত শনিবার থেকে শহরের মুসলিম মিশন কার্যালয় থেকে টেপাখোলা প্রাণিসম্পদ কার্যালয় পর্যন্ত সড়কের এক কিলোমিটার অংশে লে-আউট দিয়ে বালি ভরাটের কাজ শুরু হয়েছে। লে-আউট দিতে গিয়ে গত চারদিনে ছোটবড় সব মিলিয়ে ৪৫টি গাছের গোড়ার মাটি খুঁড়ে সরিয়ে ফেলা হয়, কেটে ফেলা হয় গাছগুলোর শিকড়।এ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তারের ব্যবস্থাপক মো. জামাল বলেন, ‘গাছগুলো কাটার ব্যাপারে এখন পর্যন্ত দরপত্র আহ্বান করা হয়নি। আমরা লে-আউট দেওয়ার জন্য গাছের গোড়ার মাটি সরিয়ে ফেলেছি। এ সময় কিছু গাছের শিকড় কাটতে হয়েছে। বর্তমানে বালু ভরাটের কাজ চলছে।’গতকাল বুধবার বেলা ১১টায় শহরের সর্বস্তরের মানুষ ফরিদপুর জিলা স্কুলের সামনে গাছগুলো রক্ষায় সমবেত হয়। মানববন্ধন ও মানবপ্রাচীর শেষে বক্তব্য দেন ফরিদপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) আহ্বায়ক আলতাফ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মুন্সী মোহাম্মদ আলী, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান প্রমুখ। ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ‘গাছ কাটার প্রক্রিয়া সম্পর্কে আমার কিছু জানা নেই। আমি বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলব।’