৩০০ গাড়ি রিকুইজিশন: তথ্য জানাতে হাইকোর্টের নির্দেশ
রাজধানীতে ৩০০ গাড়ি রিকুইজিশনের ব্যাপারে তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই রিকুইজিশন জনস্বার্থে কি না, কারা ব্যবহার করছেন এবং মালিক বা চালককে ভাড়া দেওয়া হয়েছে কি না, এর তালিকা এক সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বতঃপ্রণোদিত (স্যুয়োমটো) হয়ে এ নির্দেশ দেন। একই সঙ্গে জনস্বার্থ ছাড়া কোনো গাড়ি রিকুইজিশন না করতে হাইকোর্টের নির্দেশের পর ৩০০ গাড়ি রিকুইজিশন কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।সংশ্লিষ্ট আদালতের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার প্রথম আলোকে জানান, হাইকোর্টের নির্দেশনার পর রাজধানীতে ৩০০ গাড়ি রিকুইজিশন করা হয়েছে বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়। এটি আদালতের নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। সাত দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ট্রাফিকের চার উপপুলিশ কমিশনারকে রিকুইজিশনের বিষয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।