৩০০ গ্রামীণ দরিদ্র ছাত্রীকে শিক্ষাবৃত্তি
গ্রামীণ ৩০০ দরিদ্র ছাত্রীকে শিক্ষাবৃত্তি দিয়েছে গণবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে ১০০ জনকে বাংলা, গণিত, ইংরেজি, ফিজিওথেরাপি ও কম্পিউটার বিজ্ঞান বিভাগে পড়াশোনার টিউশন ফি ও থাকা-খাওয়ার খরচ দিতে হবে না। ২০০ জনকে দিতে হবে না টিউশন ফি।
বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষাবৃত্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে ‘গ্রামীণ দরিদ্র কন্যাসন্তানদের শিক্ষাসংকট’-সম্পর্কিত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির সহ-উপাচার্য মাহমুদা খানম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন প্রমুখ।