৩০০ ঘর মেঘনায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাইয়্যা কিয়ের নাম নেন, আঙ্গোরে এট্টু থায়োনের জমি দিবেননি।’ এই আকুতি নদীভাঙনে বসতঘর হারানো আবদুল মালেকের। গত শনিবার সরেজমিনে ভাঙনকবলিত এলাকায় গেলে এ প্রতিবেদকের কাছে মাথাগোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি এ আকুতি জানান।আবদুল মালেকের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ বাটমারা গ্রামে। গত এক সপ্তাহে আবদুল মালেকের মতো এ উপজেলার তিনটি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের বসতঘর মেঘনার গর্ভে বিলীন হয়ে গেছে। একই সঙ্গে মেঘনার অব্যাহত ভাঙনে একটি বাজার ও আরেকটি গ্রাম বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে বোরহান উদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রও হুমকির মুখে পড়েছে।এ গ্যাসক্ষেত্র রক্ষার জন্য বেশ কয়েক বছর আগে ‘শাহবাজপুর গ্যাস রক্ষা প্রকল্প’ নামে একটি প্রকল্পের আওতায় হাসাননগর, বড় মানিকা ও পক্ষিয়া ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। গত কয়েক দিনে ভাঙন বাড়ায় এ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই কারণে নদী তীরবর্তী গ্রামের তিন শতাধিক পরিবারের বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলা কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে বড় মানিকা ও পক্ষিয়া ইউনিয়নে প্রায় ২০০ মিটার এলাকা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। হাসাননগরে বেশি এলাকা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়নি। ভাঙনকবলিত উপজেলার বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী আব্দুর রব বলেন, ‘আমগো বাড়ি আছিল কী বিরাট, স্কুলবারি কইলে সবাই চিনত। ম্যাঘনায় ভাঙতে ভাঙতে এ্যহোন কিচ্ছু নাই। আইজ সাত/আটটা দিন ঘরডা ভাইঙ্গা রাস্তার উপর থুইছি। কই জামু? কী করুম? কিচ্ছু কইতাম পারি না।’ সরেজমিনে গিয়ে দেখা যায়, বড় মানিকা ইউনিয়নের আলীমউদ্দিন, দক্ষিণ লামছিধলী, পক্ষিয়া ইউনিয়নের বাটামারা, দক্ষিণ বাটামারা মধ্যম ধলী, বাংলা বাজার এলাকার মাতব্বর বাড়ি এলাকা, হাজি পন্ডিত বাড়ি এলাকা, আবদুল গনি বাড়ি এলাকা ও হাসাননগর ইউনিয়নের হাকিম বাজারের পূর্ব পর্যন্ত ১, ২, ৩, ৪, ৫, ও ৬ নম্বর ওয়ার্ড এখন ভাঙনের হুমকির মুখে পড়েছে। তবে গত সাত দিনে বড় মানিকার আলিমউদ্দিন বাজার ও উত্তর লামছিধলী গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব এলাকার বাটামারা মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লামছিধলী রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। ভাঙনের সঙ্গে সঙ্গে শাহবাজপুর গ্যাস রক্ষা প্রকল্পের অধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে।হাসাননগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, গত এক সপ্তাহে তাঁর ইউনিয়নের শতাধিক পরিবারের বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে।পক্ষিয়া ইউনিয়নের সচিব আবদুল গনি বাবুল বলেন, তাঁদের ইউনিয়নে দেড় শ পরিবারের বসতঘর ও জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বড় মানিকা ইউপির চেয়ারম্যান আল এমরান খোকন জানান, সমপ্রতি তাঁর ইউনিয়নের ৫০টি বসতঘরসহ প্রায় শতাধিক একর জমি মেঘনায় বিলীন হয়েছে।পাউবোর ভোলা কার্যালয়েল নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান বলেন, ‘শাহবাজপুর গ্যাস রক্ষা প্রকল্প’ এলাকায় ভাঙনের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। জরুরি ভিত্তিতে ব্লক না ফেলতে পারলে পুরো উপজেলাই হুমকির মুখে পড়বে।’