৩০০ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের রানীর-হাটে ছাত্রলীগ নেতা রাশেদ মিয়া (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় ৩০০ জনকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের দুই দিন পর সোমবার রাতে মামলা দুটি দায়ের করা হয়। পুলিশ জানায়, নিহত রাশেদ মিয়ার ছোট ভাই জাসেদ মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আর পুলিশের ওপর হামলা ও কর্তব্য-কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি দায়ের করেন রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মোসলেহ উদ্দিন। উভয় মামলায় ২৮ জনকে চিহ্নিত করা হলেও বাকি আসামিদের অজ্ঞাতনামা উল্লেখ করা হয়।মামলার বিবরণে বলা হয়, শনিবার আনুমানিক রাত ১২টায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে ইসলামপুর ইউনিয়নের পেয়ার মোহামঞ্চদ চৌধুরীবাড়ীর আবদুল মান্নানের ছেলে রাশেদ মিয়াকে কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ওই সংঘর্ষে আরও নয়জন আহত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশের ওপর হামলা ও কর্তব্য-কাজে বাধা দেয় সংঘর্ষকারীরা। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ বলেন, সংঘর্ষে আহতদের চিকিৎসা ও রাশেদ মিয়ার দাফন শেষে তাঁর ছোট ভাই জাসেদ মিয়া মামলা দায়ের করেন। আর পুলিশের ওপর হামলা ও কর্তব্য-কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি দায়ের করা হয়। উভয় মামলায় ৩০০ জনকে আসামি করা হয়।