৩০০ জনকে কম্বল বিতরণ
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ক্রাউন সিমেন্ট গ্রুপের সহযোগিতায় গত শুক্র, শনি ও গতকাল রোববার নড়াইলের কালিয়া ও লোহাগড়ায় ২০০ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়েছে।
এ ছাড়া ট্রাস্টের উদ্যোগে ও পাবনার কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের সহযোগিতায় শুক্র ও শনিবার রাতে জেলা শহরে আরও ১০০ জনকে কম্বল দেওয়া হয়।
নড়াইলের কালিয়া ও লোহাগড়ায় তিন দিনে ২০০ জনকে কম্বল দেওয়া হয়। শুক্র ও শনিবার কালিয়ার নোয়াগ্রাম, বারইপাড়া, বাজেবাবরা, কলামনখালী, বাবরা, উড়শী ও আমতলা গ্রামের ১২৫ জনকে কম্বল দেওয়া হয়।
কম্বল বিতরণ করেন মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, সাজ্জাদ হোসেন মোল্লা, মুশফিকুর রহমান, শাহাবাগ ইউনাইটেড একাডেমির সভাপতি আমিরুল ইসলাম, সোনালী ব্যাংকের কর্মকর্তা ইকরাম হোসেন, লুৎফর রহমান মণ্ডল প্রমুখ।
কম্বল পেয়ে নোয়াগ্রামের মুক্তিযোদ্ধা রেজাউল হক বলেন, ‘শীতি অনেক কষ্ট অয়। এই কম্বল চাদরের মতোন গায় দিয়ে বেড়াবানি। আর শীত লাগবিনেনে।’
এ ছাড়া গতকাল লোহাগড়ার ডিক্রীরচর, বড়দিয়া, মাকড়াইল, কুন্দশী, কুমরকান্দা, লোহাগড়া কলেজপাড়া, মদিনাপাড়া, সরদারপাড়া, লক্ষ্মীপাশা ও মাইটকুমড়া আশ্রয়ণ কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় মানুষের হাতে ৭৫টি কম্বল তুলে দেওয়া হয়। লোহাগড়া বন্ধুসভার সভাপতি আসমা খাতুন, সাধারণ সম্পাদক জাবের আলী শেখ, সদস্য সুজন মাহমুদ, ফরিদ শেখ এসব কম্বল বিতরণ করেন।
মাইটকুমড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা বিউটি বেগম বলেন, ‘ছাওয়াল-মাইয়ে নিয়ে শীতিতি অনেক কষ্ট করতিছিলাম। হ্যান্নে এই কম্বল দিয়ে জড়ায়-ঘড়ায় থাকপানি।’
পাবনা জেলা শহরের শালগাড়িয়া মাঠপাড়া ও দক্ষিণ রাঘপুর রাজা বটতলা মহল্লার শীতার্ত মানুষের মধ্যে দুই দিন বন্ধুসভার বন্ধুরা কম্বল বিতরণ করেন। এ সময় দক্ষিণ রাঘবপুর মহল্লার বাসিন্দা বেলাল হোসেন, পাবনা বন্ধুসভার সাধারণ সম্পাদক জুয়েল কুমার ঘোষসহ শিহান ইসলাম, আনিকা তাসনিম প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে রিকশাচালক আয়নাল শেখ বলেন, ‘যহন রিকশা চালাই, তহন গরম লাগে। রিকশা থামলিই শীত চাপে ধরে। কষ্ট অয় তহন। কম্বলডা কামে দিবিনি। যহন বসে তাহা লাগবেনি, তহন কম্বল জড়ায়ে থাকপোনে।’ দক্ষিণ রাঘপুর মহল্লার বৃদ্ধা আমেনা খাতুন বলেন, ‘শীতি কষ্ট পাতেছিলেম। কম্বলডা পায়ে কষ্ট গেল।’