৩০০ জনের বিরুদ্ধে মামলা, ১৪৪ ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জারি করা ১৪৪ ধারা গতকাল সোমবার চতুর্থ দিনের মতো অব্যাহত ছিল। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন সোনাইমুড়ী উপজেলা শহর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল।অন্যদিকে, অবরোধকারীরা উপজেলা পরিষদ কমপ্লেক্সে হামলার ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাতনামা তিন শ লোককে আসামি করে গতকাল সোমবার সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের পক্ষে নাজির আলমগীর ভূঁইয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।গত বৃহস্পতিবার সাইদীর মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের কর্মীরা শুক্রবার সকালে নোয়াখালী-কুমিল্লা বাইপাস সড়ক অবরোধ করার পাশাপাশি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নিচতলায় ব্যাপক হামলা চালায়। মামলা দায়ের হওয়ার কথা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম বলেন, যেকোনো ধরনের সহিংসতা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।