৩০০ টেলিভিশন ফ্রিজ উপহার দিলেন আ.লীগ নেতা
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সাংসদ কাজী জাফরউল্যা ঈদের শুভেচ্ছা হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দলের তিন শ নেতা-কর্মীকে টেলিভিশন ও ফ্রিজ উপহার দিয়েছেন। উপহারের মধ্যে ছিল ২০০ রঙিন টেলিভিশন ও ১০০ ফ্রিজ।
গতকাল শনিবার সকালে ভাঙ্গা পৌরসভা মিলনায়তনে পৌরসভাসহ ভাঙ্গার ১২টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নের দেড় শ নেতা-কর্মীর হাতে উপহারসামগ্রী হিসেবে ১০০ টেলিভিশন ও ৫০টি ফ্রিজ তুলে দেন জাফরউল্যা। এ সময় তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নিলুফার জাফরউল্যা উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার কাউলীবেড়া ইউনিয়নের কাউলীবেড়া গ্রামের নিজ বাড়িতে ছয়টি ইউনিয়নের দেড় শ নেতা-কর্মীর মধ্যে রঙিন টেলিভিশন ও ফ্রিজ বিতরণ করেন জাফরউল্যা।
গতকাল পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানে কাজী জাফরউল্যা বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত তৃণমূল নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা হিসেবে এ উপহার দেওয়া হলো। ভবিষ্যতে অন্য নেতা-কর্মীদেরও মূল্যায়ন করা হবে।
ফ্রিজ পেয়ে খুশি ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলী। তিনি বলেন, ‘নেতা আমাকে একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে মূল্যায়ন করেছেন। এতে আমি খুশি।’
উপহার হিসেবে একটি রঙিন টেলিভিশন পেয়ে খুশি ভাঙ্গা পৌর এলাকার হোগলাডাঙ্গি-সদরদী এলাকার প্রবীণ আওয়ামী লীগ কর্মী সার্জেন্ট (অব) আনোয়ার হোসেন মুন্সী। তিনি বলেন, ‘নেতা আমার কাজের মূল্যায়ন করেছেন।’