কক্সবাজারের মহেশখালীর চারটি গ্রামের নলকূপে উঠত লোনা পানি। কয়েকবার গভীর নলকূপ বসিয়েও মিষ্টি পানি ওঠাতে পারেনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতে ওই চারটি গ্রামের বাসিন্দাদের অনেক দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হতো। বছর খানেক আগে মহেশখালী পৌরসভার দক্ষিণ হিন্দুপাড়ায় লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্ট স্থাপনের কারণে ওই চারটি গ্রামের তিন শতাধিক পরিবারের ভোগান্তির অবসান হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, আগে পৌর এলাকার গোরকঘাটা, হিন্দুপাড়া, চরপাড়া ও ঘোনারপাড়া এলাকার অনেক বাসিন্দা গোরকঘাটা বাজার এলাকা এবং উপজেলা পরিষদের সামনে থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতেন। এতে দুর্ভোগের শেষ ছিল না তাঁদের। এ অবস্থায় স্থানীয় জনগণকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০১৪ সালের ডিসেম্বরে দক্ষিণ হিন্দুপাড়ায় লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্ট স্থাপন করে। গত বছরের ফেব্রুয়ারিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পৌরসভা কর্তৃপক্ষকে প্ল্যান্টটি হস্তান্তর করে। এরপর থেকে এ প্ল্যান্টে মিলছে বিশুদ্ধ খাবার পানি।
পৌরসভা সূত্র জানায়, ১৪০ ফুট মাটির নিচ থেকে পানি তুলে প্ল্যান্টে পরিশোধন করা হয়। প্ল্যান্টে এক হাজার লিটার পানি পরিশোধন করতে সময় লাগে ১ ঘণ্টা ১০ মিনিট। স্থানীয় বাসিন্দাদের চাহিদা অনুযায়ী সকাল-বিকেল অন্তত দুই হাজার লিটার পানি পরিশোধন করা হয়। প্রতি লিটার পানি পরিশোধন করতে ৫০ পয়সা খরচ হলেও পৌর কর্তৃপক্ষ বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করছে।
গত সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্ট থেকে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করছেন কয়েকজন নারী। এ সময় হিন্দুপাড়ার বাসিন্দা চম্পা রাণী দে বলেন, আগে দুই কিলোমিটার দূরে হেঁটে গোরকঘাটা বাজার এলাকা থেকে পানি সংগ্রহ করতে হতো। কিন্তু এখন বাড়ির পাশে বিশুদ্ধ খাবার পানি মিলছে। বিনা মূল্যে বিশুদ্ধ খাবার পানি পেয়ে খুশি এই এলাকার মানুষ।
লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্টে কর্মরত পৌরসভার কর্মচারী সাধন চন্দ্র দে বলেন, সকাল আটটায় মাটির নিচ থেকে এক হাজার লিটার পানি তুলে পরিশোধন করা হয়। পরে স্থানীয় লোকজনের মাঝে তা বিনা মূল্যে সরবরাহ করা হয়। তিনি বলেন, চাহিদা অনুযায়ী সকাল-বিকেল দুই হাজার লিটার পানি পরিশোধন করা হয়। এখান থেকে স্কুল ও পৌরসভা কার্যালয়েও পানি সরবরাহ করা হয়।
জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী কামরুল হাসান বলেন, স্থানীয় বাসিন্দাদের চাহিদামতো পানি তুলে পরিশোধন করে সরবরাহ করা হয়। এতে গ্রামের মানুষ বেশ খুশি।
মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া বলেন, চার গ্রামের অনেক মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানির সংকটে ছিল। এই প্ল্যান্ট স্থাপন করায় অনেকের কষ্ট দূর হয়েছে।