পাইপ তুলে চলছে শিশু উদ্ধারের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহজাহানপুরে পানির পাম্পের পাইপের ভেতর দিয়ে পড়ে যাওয়া শিশু উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। ছবিটি রাত নয়টার দিকে তোলা। আজ বিকেল সাড়ে চারটার দিকে শিশুটি সেখানে পড়ে যায়। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর শাহজাহানপুরে পানির পাম্পের পাইপের ভেতর দিয়ে পড়ে যাওয়া শিশু উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। ছবিটি রাত নয়টার দিকে তোলা। আজ বিকেল সাড়ে চারটার দিকে শিশুটি সেখানে পড়ে যায়। ছবি: ফোকাস বাংলা

রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে মাঠসংলগ্ন পানির পাম্পের ৩০০ ফুট গভীর একটি পাইপের ভেতরে জিয়াদ নামে চার বছরের এক শিশু পড়ে গেছে। তবে বেসরকারি টেলিভিশনগুলোতে বলা হচ্ছে পানির পাম্পটি ৪০০ ফুটের বেশি গভীর।

আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শিশুটি পাইপের ভেতরে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা করলেও গত রাত সাড়ে ১১টা পর্যন্ত তাঁরা সফল হতে পারেননি।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, পাইপটির ব্যাস এক ফুট। তাই শিশু জায়েদকে উদ্ধারের জন্য বড় কাউকে পাইপ দিয়ে নিচে নামানো যাচ্ছে না। এরই মধ্যে পাইপে রশির সাহায্যে শিশুটিকে জুস দেওয়া হয়েছে। অন্ধকারে যাতে ভয় না পায়, সে জন্য দুটি টর্চলাইট পাঠানো হয়েছে। পাইপ তুলে ছোট এই শিশুটিকে উদ্ধারের চেষ্টা তারা করেছন।

ফায়ার সার্ভিস কর্মীদের দাবি, শিশুটি সাড়া দিয়েছে এবং তাঁদের পাঠানো জিনিস পেয়েছেও।

রাজধানীর শাহজাহানপুরে পানির পাম্পের পাইপে পড়ে যাওয়া শিশু উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর শাহজাহানপুরে পানির পাম্পের পাইপে পড়ে যাওয়া শিশু উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। ছবি: ফোকাস বাংলা

সরেজমিনে দেখা যায়, মাটির সমতলে থাকা পাইপের মুখটি খোলা। ওই খোলা স্থান দিয়ে জিয়াদ নিচে পড়েছে। ঘটনাস্থল থেকে তার বাসার দূরত্ব ৫০ গজের মতো। বাসা থেকে জিয়াদ অন্য শিশুদের সঙ্গে সেখানে খেলতে গিয়েছিল। শিশুটি তার মা-বাবার সঙ্গে রেলওয়ে কলোনিতে থাকে। তার বাবা নাসিরউদ্দিন মতিঝিল মডেল স্কুলের দারোয়ান। রাতে কলোনির এক কক্ষের বাসায় গিয়ে দেখা যায়, মা খাদিজা বেগম খাটের ওপর পড়ে বিলাপ করছেন। ‘শীতে পোলাডা আমার কষ্ট পাইতাছে। ও কি ফিরে আইব’-এর বাইরে তেমন কিছুই বলতে পারছেন না তিনি। সান্ত্বনা দিতে আসা প্রতিবেশী ও স্বজনেরাও এ সময় কাঁদছিলেন।
ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ জড়ো হয়েছে। সবাই সেই গর্তের কাছেই ভিড় করে আছে। পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে। কিন্তু ঘটনাস্থলটিকে রশি বা কিছু দিয়ে ঘেরাও করে কাজের জায়গাটি ফাঁকা রাখার কোনো চেষ্টা দেখা গেল না। রাত ১১ টার দিকে জানতে চাইলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম শুধু বলেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’