৩০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা

বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দলের সাফল্য কামনায় ফরিদপুরে ৩০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা করেছেন শিক্ষার্থীরা। সরকারি রাজেন্দ্র কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আজ বুধবার বিকেলে এ শোভাযাত্রা করেন।
আগামীকাল বৃহস্পতিবার মেলবোর্নে বাংলাদেশ-ভারতের এ খেলা অনুষ্ঠিত হবে।
শহরের ঝিলটুলী এলাকার অনাথের মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও অনাথের মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘বাংলাদেশ, বাংলাদেশ’, ‘জিতেই যাবে বাংলাদেশ’ প্রভৃতি স্লোগান দেন।
মিছিলের অন্যতম আয়োজক হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল হাসান, আবদুল মতিন ও রিয়াদ হাসান জানান, বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনায় এ শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশাল আকৃতির এই পতাকা তৈরিতে তাঁদের ৫ হাজার ৭০০ টাকা খরচ হয়েছে।