৩০০ বছরের পুরোনো শিবমন্দিরের মেলায় মানুষের ঢল
জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা গ্রামের ছোট যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক বারো শিবমন্দির। এই মন্দিরের একটু দূরেই আবার পাঁচ শিব ও এক শিবমন্দির অবস্থিত। এই শিবমন্দিরগুলোকে কেন্দ্র করে শিবরাত্রী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের দুদিনব্যাপী পূজা-অর্চনা শুরু হয়েছে। আর এ পূজা উপলক্ষে বেলা আমলা গ্রামে বসেছে দুদিনব্যাপী বিশাল মেলা। এ মেলায় নেমেছে সব সম্প্রদায়ের মানুষের ঢল।
জয়পুরহাট শহর থেকে চার কিলোমিটার পশ্চিম-উত্তর কোণে ছোট যমুনা নদীর কোল ঘেঁষে বারো শিবমন্দির। গতকাল শক্রবার সকাল থেকে এখানে শিবরাত্রী উপলক্ষে শুরু হওয়া পূজা-অর্চনা চলে গতকাল শনিবার পর্যন্ত। পূজা উপলক্ষে মেলায় বসেছে বিভিন্ন পণ্যের দোকানপাট। সকাল থেকেই ছিল নারী-পুরুষের উপচে পড়া ভিড়। মিষ্টি, প্রসাধনী, শাঁখা, সিঁদুর থেকে শুরু করে মেলায় কাঠের আসবাব, দা, বঁটিসহ ঘরগৃহস্থালির বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে। রয়েছে চরকি আর নাগরদোলার ব্যবস্থাও।
রংপুর জেলার পীরগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম, জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল থেকে পরিমল মহন্ত মেলায় এসেছেন মিষ্টির দোকান নিয়ে। তাঁদের দোকানের মিষ্টির কড়াইয়ে এক থেকে পাঁচ কেজি ওজনের মিষ্টি ভাসছে। তাঁরা জানালেন, মেলায় আসা অনেক পরিবারই এসব মিষ্টি কিনেছে। ভালোই বিক্রি হয়েছে।
সদরের তাজপুর গ্রাম থেকে পূজা দিতে এবং মেলায় কেনাকাটা করতে স্ত্রী আরতি রানীকে নিয়ে এসেছিলেন কমল চন্দ্র। তাঁরা জানান, পূজা ও মেলা উপলক্ষে বেল আমলা গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রামে মেয়ে-জামাইসহ প্রায় সব বাড়িতে আত্মীয়স্বজন আসে। এলাকার গ্রামগুলোতে এ দুদিন তৈরি হয় উৎসবের আমেজ।
বোন-জামাইকে খাট কিনে দেওয়ার জন্য বেলা আমলা গ্রাম থেকে এসেছেন তাঁর বড় বোন বিলকিছ বেগম। বগুড়ার মহাস্থানগড় থেকে কাঠের আসবাব নিয়ে আসা জাহাঙ্গীরের দোকান থেকে খাট কিনেছেন বিলকিছ বেগম।
বেল আমলা বারো শিবমন্দির ও পাঁচ শিবমন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল কুমার আগরওয়ালা জানান, ৩০০ বছরেরও বেশি সময় ধরে এ মন্দিরকে ঘিরে প্রতিবছরের মতো এ বছরও পূজা ও মেলা হচ্ছে। মেলায় পুলিশের পাশাপাশি তাঁদের স্বেচ্ছাসেবকেরা শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন।