৩০০ বস্তির ৬৪ হাজার পরিবারকে বৈধভাবে পানি দিচ্ছে ওয়াসা
রাজধানীর ৩০০ বস্তিতে ৬৩ হাজার ৬১৮ পরিবারকে বৈধভাবে পানি সরবরাহ করছে ওয়াসা। এর মধ্যে করাইল বস্তির সাড়ে ১৫ হাজারের বেশি পরিবার বৈধভাবে পানি ব্যবহারের সুযোগ পাচ্ছে।
ঢাকা ওয়াসা, পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার, দুস্থ স্বাস্থ্যকেন্দ্র, ইউনিসেফ ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ আয়োজনে ‘করাইল বস্তিতে পানির বৈধ সংযোগ প্রদান: অভিজ্ঞতা বিনিময় ও পরবর্তী করণীয়’ শীর্ষক সেমিনারে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
সেমিনারে জানানো হয়, নিম্ন আয়ের লোকজনের জন্য পানি সরবরাহের সাফল্যের জন্য এ বছরের বিশ্ব পানি সম্মেলনে ওয়াটার লিডার্স অ্যাওয়ার্ড পেয়েছে ঢাকা ওয়াসা। ২২ ও ২৩ এপ্রিল স্পেনে অনুষ্ঠিত এ সম্মেলনে ওয়াসাকে পুরস্কার বাবদ আট লাখ টাকা দেওয়া হয়েছে। এ টাকা বস্তি এলাকায় পানি সরবরাহের কাজে ব্যয় করা হচ্ছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, বৈধভাবে নিরাপদ পানি পাওয়ার অধিকার সব নাগরিকের মৌলিক অধিকার। বস্তিতে বসবাসকারীরাও এর বাইরে নয়।
বিশেষ অতিথি স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান বলেন, রাজধানীর পানির চাহিদা পূরণ ও রাজস্ব আয় বৃদ্ধির ক্ষেত্রে ঢাকা ওয়াসা যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সেমিনারে সভাপতিত্ব করেন।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান মো. রহমতুল্লাহ, ইউনিসেফের ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান চার্লি সার্গসিয়েন, উত্তম কুমার রায়, এফ এম মোস্তাক ও দিবালোক সিংহ। বিজ্ঞপ্তি।