যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিভিন্ন স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহে এ এলাকার তিন শতাধিক বাড়িঘর ও সহস্রাধিক একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
ভাঙন রোধে গত ২৪ জুন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংস্কারকাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আবদুল মজিদ মণ্ডল। কিন্তু এখনো সংস্কারকাজ শুরু হয়নি। ফলে উপজেলায় অবস্থিত মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও তাঁতসমৃদ্ধ এলাকা ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমের শুরু থেকে যমুনা নদীতে পানি বাড়তে থাকে। এতে উপজেলার এনায়েতপুরের চাঁদপুর থেকে দক্ষিণে হাটপাঁচিল পর্যন্ত আট কিলোমিটার, পূর্বপাড়ের ওমরপুর, খাসকাউলিয়া, বাঘুটিয়া, সৈলজানা, খাসপুকুরিয়া এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়। এ ছাড়া নদীর পশ্চিম তীরসংলগ্ন বেতিল চর, এনায়েতপুর, ব্রাহ্মণগ্রাম, আড়কান্দি, জালালপুর, বাঐখোলা এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ওই সব এলাকার তিন শতাধিক বাড়িঘর ও সহস্রাধিক একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
২০০০ সালে এনায়েতপুর এলাকার তাঁতশিল্প, খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়, খাজা ইউনুছ আলী দরবার শরিফ (মাজার) রক্ষায় সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে হাসপাতালের উত্তর পাশে প্রায় এক কিলোমিটার এলাকায় স্পার নির্মাণ করে পাউবো। স্পারের পূর্ব অংশে ফাটল দেখা দিয়েছে। পাউবো স্পারটি সংস্কারের জন্য সাত কোটি টাকা বরাদ্দও দেয়। পরে স্থানীয় সাংসদ আবদুল মজিদ মণ্ডল ওই সংস্কারকাজের উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের পর প্রায় দুই সপ্তাহ চলে গেলেও কাজ শুরু হয়নি।
এনায়েতপুর থানাধীন মেহের-উন-নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আওয়াল ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আনিসুর রহমান বলেন, ‘আমরা ভাঙন রক্ষায় একটি স্থায়ী পদক্ষেপের জন্য অপেক্ষা করছি ১০ বছর ধরে। স্পার নির্মাণ করে ভাঙন কিছুটা রোধ করা হয়। কিন্তু স্থায়ী কোনো পদক্ষেপ না নেওয়ায় গত বছর আমাদের এলাকার ছয়টি গ্রাম যমুনায় পুরোপুরি বিলীন হয়ে গেছে। গৃহহীন হয়েছে কয়েক হাজার মানুষ। এখন যে পরিস্থিতি, তাতে দ্রুত যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মাজার ও তাঁতশিল্পসমৃদ্ধ কয়েকটি গ্রাম বিলীন হয়ে যাবে।
খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘নদীভাঙন আমাদের সব সময় তাড়া করছে। ভাঙনের গ্রাস থেকে দেশ ও জনগণের সম্পদ বাঁচাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’
এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ জানান, ভাঙন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি পাউবোকে জানানো হয়েছে। তারা এযাবৎ কোনো ব্যবস্থাই নেয়নি। ২৯ জুন থেকে এক সপ্তাহ যেভাবে নদীর তীর ভেঙেছে, তা অব্যাহত থাকলে উপজেলার সিংহভাগ বিলীন হবে।
এ ব্যাপারে কথা বলতে সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীলের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি। তবে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম জানান, কাজে ব্যবহারের পাথর ভারত থেকে এখনো আসেনি। ফলে কাজ কখন শুরু হবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।