৩০০ বাড়িঘর বিধ্বস্ত, বজ্রপাত ও ঘরচাপায় ৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে চুনারুঘাট, লাখাই, মাধবপুর, বাহুবল, বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। চুনারুঘাট উপজেলাকে বন্যাদুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। ছয় উপজেলায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তিন শতাধিক কাঁচা বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি ঘরচাপা ও বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার খোয়াই নদের পানি বিপৎসীমার ১ দশমিক ৭ মিটার (বিপৎসীমা ৯ দশমিক ৩০) ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এ অবস্থায় শহর রক্ষা বাঁধ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।এদিকে, চুনারুঘাট উপজেলার রানীগাঁও, চণ্ডীছড়া, রামগঙ্গা চা-বাগানসহ সাত-আটটি ব্রিজ-কালভার্ট ও মাধবপুরের ছাতিয়াইন, জগদীশপুর ও বুলা এলাকার চারটি সেতু পানির প্রবল বেগে ভেঙে যাওয়ায় এসব এলাকার যোগাযোগ ব্যাহত হচ্ছে। খোয়াই নদের ভাটিতে বাম তীরে সদর উপজেলার জয়নগরে, লাখাই উপজেলার চরগাঁও ও হিয়ালারকান্দি এবং ডান তীরে বানিয়াচং উপজেলার মোহনপুর, বড়কান্দি ও রাধাপুরে ভাঙন এলাকার মানুষ পড়েছে দুর্ভোগে। বাহুবল উপজেলার করাঙ্গী নদীর পানি উপচে পড়ে ভাদেশ্বর ও বাহুবল সদর ইউনিয়নের প্রায় ২৫ গ্রাম পানিতে তলিয়ে গেছে।চুনারুঘাট উপজেলার লালচান্দ গ্রামে ঘরের নিচে চাপা পড়ে কামাল মিয়ার ছেলে নাইম (৪) ও বজ্রপাতে দৌলতখাঁবাদ গ্রামের আবদুস শহীদের স্ত্রী রহিমা খাতুন (৪০) এবং বড়কোটা গ্রামের মোজাফফর উল্লাহর ছেলে নুরুল হক (৪২) মারা গেছেন।জেলা প্রশাসক মাহমুদ হাসান জানান, বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চুনারুঘাট উপজেলার লোকজন। এখন পর্যন্ত দুর্গত এলাকার লোকজনের জন্য কোনো ত্রাণসামগ্রী দেওয়া সম্ভব হয়নি। তিনি জানান, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।