৩০০ বিঘার ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খোশলামপুর গ্রামে ইটভাটার কালো ধোঁয়া ও তাপে ৩০০ বিঘার বোরো ও অন্য ফসলের ক্ষতি হয়েছে।এ ঘটনায় পাঁচ শতাধিক কৃষক ইটভাটা বন্ধসহ ক্ষতিপূরণের দাবিতে গত সোমবার দুপুরে ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কৃষকেরা অবরোধ তুলে নেন। উপজেলার জয়পুর ইউনিয়নের ওই গ্রামের কৃষক কাজল সরকার, আতাউর রহমানসহ অনেকে বলেন, এই গ্রামের প্রভাবশালী মুশফিকুর রহমান গত বছর তিন ফসলি জমির কাছে মেসার্স আরটিবি ব্রিকস নামে একটি ইটভাটা স্থাপন করেন। এলাকাবাসী তাতে বাধা দেয়। কিন্তু তিনি বাধা মানেননি। কৃষকেরা আরও জানান, ওই ইটভাটার পাশে আম, কাঁঠাল ও জলপাইয়ের প্রায় এক হাজার গাছ রয়েছে। সেগুলোও ইটভাটার কালো ধোঁয়া ও তাপের কারণে মরে যাচ্ছে। ইটভাটার মালিক মুশফিকুর রহমান দাবি করেন, সব নিয়ম-নীতি মেনেই ইটভাটা স্থাপন করা হয়েছে। গত বছর সেখানে ইটভাটা করার সময় কেউ আপত্তি জানায়নি। ইটভাটা না অন্য কোনো কারণে ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তদন্ত করার জন্য তিনিও সংশিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন বলে জানান।উপজেলা কৃষি কর্মকর্তা আখেরুর রহমান বলেন, ‘সোমবার দুপুরে সেখানে গিয়ে দেখেছি, শিষ ও ধানগাছ কালো হয়ে গেছে। প্রাথমিক হিসাবে ইটভাটা-সংলগ্ন ১৭৫ বিঘার বোরো ও ভুট্টাখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের আমগুলোও ঝরে পড়ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে।’