৩০০ মিটার বাঁধ বাঁচাতে পারে ১২টি গ্রাম
মাত্র ৩০০ মিটার বাঁধ বাঁচাতে পারে দুই ইউনিয়নের ৪০ হাজার মানুষের বসতভিটা, আবাদি জমি, রাস্তাঘাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ইউনিয়ন দুটি হচ্ছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন। বাঁধটি নির্মাণে প্রয়োজন ভারত-বাংলাদেশ বৈঠক। সরেজমিনে দেখা যায়, টেপাখড়িবাড়ী ইউনিয়নের চড়খড়িবাড়ী গ্রামে ভারত থেকে আসা তিস্তার প্রবেশদ্বারে ভারতের মেকলিগঞ্জ থানার তিস্তা বস্তি গ্রামে ভারত অংশের প্রায় দেড় শ মিটার বাঁধ গত বছরের বন্যায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর তিস্তার পানি নীলফামারী ও লালমনিরহাট জেলার ওই দুই ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রায় ৪০ হাজার মানুষের বাড়িঘর রাস্তাঘাট, পুল-কালভার্ট ও আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়। টেপাখড়িবাড়ী গ্রামের ২ নম্বর ওয়ার্ড সদস্য গোলাম রাব্বানী বলেন, চড়খড়িবাড়ী গ্রামের ভারত-বাংলাদেশ জিরো পয়েন্টের ৭৯৮ নম্বর পিলারের কাছে ভারতের মেকলিগঞ্জ থানার তিস্তা বস্তি গ্রাম অংশে দেড় শ গজ ও বাংলাদেশ অংশে চড়খড়িবাড়ী গ্রামে দেড় শ গজ বাঁধ নির্মাণ করা গেলে এ সমস্যার সমাধান হবে। এক মাস আগে আমরা গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধটি নির্মাণের চেষ্টা করেছি, কিন্তু বিএসএফের বাধার কারণে করা সম্ভব হয়নি।হাতীবান্ধা উপজেলার ঠ্যাংঝারা গ্রামের ব্যবসায়ী সহিদুল ইসলাম (৩০) বলেন, গত বন্যায় বাঁধটি বিধ্বস্ত হওয়ার পর নীলফামারী জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোতাহার হোসেন নৌকাযোগে এলাকা পরিদর্শন করে বাঁধটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ৩০০ মিটার বাঁধটি নির্মাণ করা না গেলে ওই গ্রামগুলো তিস্তায় বিলীন হয়ে যাবে। ওই ৩০০ মিটার বাঁধের ভাটিতে আমরা ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির আওতায় প্রায় সোয়া কিলোমিটার বালির বাঁধ দিয়েছি। কিন্তু বাকি ৩০০ কিলোমিটার সীমান্ত এলাকা হওয়ায় উভয় দেশের আলোচনা ছাড়া সম্ভব না। চড়খড়িবাড়ী বিজিবি ক্যাম্পে গেলে কমান্ডার আব্দুর রহমান বলেন, ওই ৩০০ মিটার বাঁধের কারণে আমাদের চড়খড়িবাড়ী বিজিবি ক্যাম্পটিও হুমকির মধ্যে রয়েছে।পাউবো ডালিয়া ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী মাইনউদ্দিন মণ্ডল বলেন, সেখানে আধা কিলোমিটার বাঁধ করতে পারলে সমস্যার সমাধান হবে। সেখানে ব্লক পিসিং ডাম্পিং করতে খরচ হবে সাত-আট কোটি টাকা। সেটি করতে না পারলে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হবে। কিন্তু উভয় দেশের আলোচনা ছাড়া সেখানে কাজ করা যাবে না। নীলফামারী জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান বলেন, ‘বাঁধের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছি। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান করতে হবে।’