বোরহানউদ্দিনে ১৩৪ কোটি টাকায় নদীর তীর সংরক্ষণ
৩০০ মিটাের কাজ হয়নি, প্রকল্প ভেস্তে যাওয়ার শঙ্কা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর ৩০০ মিটার তীর সংরক্ষণ কাজ না করায় ১৩৪ কোটি টাকার প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ এর মধ্যে শেষ হওয়া কাজের ২০০ মিটার মেঘনায় বিলীন হয়ে গেছে৷ নিঃস্ব হয়েছে বেশ কিছু পরিবার৷ এখনই দ্রুত ওই ৫০০ মিটার তীর সংরক্ষণ না করলে সম্পূর্ণ প্রকল্পই ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী৷
পাউবোর প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ফিল্ড রক্ষা প্রকল্পের আওতায় ২০১০ সালে ২৪টি প্যাকেজে ৭ দশমিক ৩০ কিলোমিটার তীর সংরক্ষণ কাজ পাস হয়৷ এ কাজে ব্যয় ধরা হয় ১৩৪ কোটি টাকা৷ ওই বছরই দরপত্র আহ্বানের মাধ্যমে ছয়টি প্যাকেজে কাজ শুরু হয়৷ পরবর্তী বছর বািক কাজের দরপত্র আহ্বান করা হয়৷ প্রকল্পটি ২০১২ সালে শেষ হওয়ার কথা ছিল৷ কিন্তু আজ পর্যন্তও কাজ শেষ হয়নি৷ ঠিকাদারদের অনিয়ম এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না হওয়ার কারণে কাজ শেষ করার মেয়াদ বাড়ানো হচ্ছে৷ নদীর তীরে জিও টেক্সটাইল ব্যাগ এবং ব্লক ফেলে কাজটি বাস্তবায়ন করার কথা রয়েছে৷
গত ১৩ মে সরেজমিনে দেখা গেছে, উপজেলার হাকীম উদ্দিন খাসবাজার এলাকা থেকে উত্তরে পক্ষীয়া ফকিরবাড়ি পর্যন্ত মেঘনার তীরে জিও টেক্সটাইল ব্যাগ ফেলে তিন-চার স্তরে ব্লক করা হয়েছে৷ কিছু কাজ শেষ পর্যায়ে এবং কিছু কাজ চলমান রয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানান, পুরো প্রকল্পের ৬০-৭০ শতাংশ কাজ প্রায় শেষ হয়েছে৷
প্রায় সাড়ে সাত কিলোমিটার তীর সংরক্ষণ বাঁধের মাঝখানে ৯ নম্বর প্যাকেজের আওতায় এক কিলোমিটার তীর সংরক্ষণ করার কথা ছিল ঠিকাদাির প্রতিষ্ঠান পাবিশা ট্রেড সিস্টেম লিমিটেডের৷ প্রতিষ্ঠানটি ২০১২ সালে ৩০০ মিটার কাজ না করেই বিল নিয়ে যায়৷ ওই ৩০০ মিটারে কাজ না করায় কাজ হওয়া ৭০০ মিটারের ২০০ মিটার অংশ মেঘনায় বিলীন হয়ে গেছে৷ শুধু তা-ই নয়, গত দেড় বছরে উপজেলার পক্ষীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা মেঘনায় বিলীন হয়েছে৷ ঘরবাড়ি ও জমি হারিয়ে নিঃস্ব হয়েছে বেশ কয়েকটি পারিবার৷ নদীভাঙন অব্যাহত থাকায় কাজ শেষ করা অংশও ক্রমান্বয়ে নদীতে বিলীন হচ্ছে৷ দ্রুত ৫০০ মিটার নদীর তীর সংরক্ষণ করা না হলে পুরো প্রকল্পই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী৷
পক্ষীয়া ইউনিয়নের বাটামারা গ্রামের পিল্ল চিকিৎসক শাহ আলমগীর মিয়া ও শিক্ষক শাজাহান মিয়া বলেন, ওই ৩০০ মিটার তীরে জিও টেক্সটাইল ব্যাগ এবং ব্লক না ফেলায় নদী ভেতরে ঢুকে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিলীন করেছে৷ ঠিকাদার অলসতা করে কাজটুকু না করায় এখন ৫০০ মিটার এলাকায় তীর সংরক্ষণ বাঁধ দিতে হবে৷ নইলে ভবিষ্যতে নদীর স্রোতের গতি পরিবর্তন হয়ে সাত কিলোমিটার তীর সংরক্ষণ বাঁধের পুরোটায় মেঘনায় বিলীন হয়ে যেতে পারে৷
৩০০ মিটার অংশের কাজ না করার বিষয়ে জানতে চাইলে পাবিশা ট্রেড সিস্টেম লিমিটেডের ভোলার ব্যবস্থাপক আবদুল হক বলেন, উচ্চ জোয়ারের চাপ ও ঢেউয়ের মুখে কাজটি বাস্তবায়ন করতে গেলে সরকার এবং ঠিকাদার উভয়ই ব্যাপক ক্ষতির শিকার হতো৷ এ জন্য তাঁরা কাজটি শেষ করতে দেরি করছেন৷
জানতে চাইলে ভোলা পানি উন্নয়ন বোর্ড-১-এর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঠিকাদার এ বছর দ্রুত কাজ সম্পন্ন না করলে তাকে পুলিশে দেব৷ তবে আশা করি, সে কাজ সম্পন্ন করবে৷’ আবদুল হেকীম দাবি করেন, ওই ৯ নম্বর প্যাকেজ ছাড়া বাকি প্যাকেজের ৭৬ শতাংশ কাজই সম্পন্ন হয়েছে৷