৩০০ মেট্রিক টন চাল কালোবাজারে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে পাঁচ হাজার গ্রাহকের ৩০০ মেট্রিক টন ন্যায্য মূল্যের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। নিম্ন আয়ের মানুষ, সরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য প্রতি কেজি ২৪ টাকা দরে বরাদ্দ করা হয়েছিল এ চাল।পৌর মেয়রের নিয়োগ দেওয়া ডিলাররা জেলা খাদ্য কার্যালয় থেকে চাল সংগ্রহ করে গ্রাহকদের হাতে পৌঁছে না দিয়ে প্রতি কেজি ৩৪-৩৫ টাকা দরে বাজারে বিক্রি করছে।জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, ফেয়ার প্রাইজ প্রকল্পের আওতায় গত বছর ফেব্রুয়ারি মাসে পৌরসভা এলাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে ন্যায্য মূল্যে চাল বিতরণ কার্যক্রম চালু হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে পাঁচ হাজার কার্ড ইস্যু করে সেগুলো বিতরণের জন্য গত বছর জানুয়ারি মাসে পৌরসভায় পাঠানো হয়। চাল বিতরণের জন্য পৌর কর্তৃপক্ষ পাঁচজন ঠিকাদার নিয়োগ করে। পৌরসভা থেকে এ পর্যন্ত কার্ডগুলো বিতরণ করা হয়নি। চলতি বছর ১০ জানুয়ারি কার্ড বিতরণ শুরু করেন জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মীরা।নিয়োগ পাওয়া ডিলাররা হলেন, খলিলুর রহমান খান, আবদুর রব হাওলাদার, জাহাঙ্গীর শেখ, সোহরাব শিকদার ও রুহুল আমিন হাওলাদার। প্রত্যেক ডিলার এক হাজার গ্রাহকের কাছে চাল বিতরণের জন্য গত ফেব্রুয়ারি, সেপ্টেম্বর ও নভেম্বর মাসে ৩০০ মেট্রিক টন চাল উত্তোলন করেছে।পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবুর রহমান বলেন, ‘ন্যায্য মূল্যে চাল দেওয়ার জন্য গত বছর আমার নাম তালিকাভুক্ত হয়েছে। এক বছরে কোনো খোঁজখবর পাইনি। ১০ জানুয়ারি ফেয়ার প্রাইজের কার্ড খাদ্য বিভাগের কর্মীরা দিয়ে গেছে। কার্ডের মধ্যে তিন মাসের চাল বিতরণের তথ্য রয়েছে। কিন্তু আমাদের নামে চাল উত্তোলন করে খুচরা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে।’ ডিলার আবদুর রব হাওলাদার বলেন, ‘আমরা চাল উত্তোলন করে তালিকাভুক্ত গ্রাহকদের কাছে বিক্রি করার জন্য অনেক দিন অপেক্ষা করেছি। তারা না আসায় চাল বাইরে বিক্রি করে দিয়েছি।’পৌরসভার সচিব এনামুল হক বলেন, পৌরসভা থেকে তালিকা দেওয়া হয়েছে। কিন্তু কার্ড বিতরণের দায়িত্ব খাদ্য বিভাগের। জেলা খাদ্য নিয়ন্ত্রক ফেরদৌস রুমী বলেন, চাল নির্ধারিত ভোক্তারা না পেয়ে থাকলে সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমার কানে এসেছে। খাদ্য বিভাগকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। যারা অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’