৩০০ শিক্ষার্থীর বিভাগে শিক্ষক নেই একজনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ৬০ জন শিক্ষকের মধ্যে আছেন মাত্র ২৫ জন। সাতটি বিভাগের মধ্যে ইলেকট্রো মেডিকেল টেকনোলজি বিভাগে একজন শিক্ষকও নেই। এ ছাড়া উপাধ্যক্ষের পদটি দীর্ঘদিন ধরে শূন্য।ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এই ইনস্টিটিউটের সাতটি বিভাগে মোট শিক্ষার্থী প্রায় তিন হাজার। সাত বিভাগে ৬০ জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র ২৫ জন। এর মধ্যে ইলেকট্রো মেডিকেল টেকনোলজি বিভাগ দেড় বছর ধরে চলছে শিক্ষক ছাড়াই। অথচ এই বিভাগে সাতজন শিক্ষক থাকার কথা। এই বিভাগে শিক্ষার্থী আছে ৩০০ জন। এ ছাড়া ইলেকট্রনিকস টেকনোলজি বিভাগে পাঁচজন শিক্ষকের মধ্যে আছেন মাত্র একজন। কম্পিউটার টেকনোলজি বিভাগে সাতটি পদের বিপরীতে তিনজন, ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগে নয়টি পদের মধ্যে চারজন, মেকানিক্যাল টেকনোলজি বিভাগে ১০টি পদে ছয়জন, পাওয়ার টেকনোলজি বিভাগে আটটি পদে চারজন এবং সিভিল টেকনোলজি বিভাগে শিক্ষকের ১১টি পদের মধ্যে আছেন আটজন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা শিক্ষকের সংকট সমাধানের দাবিতে একাধিকবার অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। তারা ২৮ জুন শহরে বিক্ষোভ মিছিল এবং রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে। ইলেকট্রো মেডিকেল টেকনোলজি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী নাজমুল হুদা বলেন, এই বিভাগে কোনো শিক্ষক না থাকায় খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। একই বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আবদুল কাইয়ুম বলেন, শিক্ষক সমস্যার সমাধানের দাবিতে অধ্যক্ষের কাছে কয়েকবার স্মারকলিপি দিলেও কোনো কাজ হয়নি। দ্বিতীয় সেমিস্টারের আরজু বেগম ও মোমেনা খাতুন শিক্ষক না থাকায় এই বিভাগের প্রায় দিনই ক্লাস হচ্ছে না বলে অভিযোগ করেন।রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আ ন ম সালাহ উদ্দীন খান বলেন, শিক্ষকসংকটের বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে এক বিভাগের শিক্ষক দিয়ে অন্য বিভাগের ক্লাস নেওয়া হয়। এ ছাড়া খণ্ডকালীন শিক্ষক দিয়েও ক্লাস চালানো হচ্ছে।