গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেডে (সোয়েটার কারখানা) শ্রমিকদের সঙ্গে গত সোমবার রাতে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ ৩০০ শ্রমিককে অভিযুক্ত করে শ্রীপুর থানায় মামলা দায়েরসহ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, সোমবার দিবাগত রাত তিনটায় কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক সাহেদুজ্জামান রবিন বাদী হয়ে মামলাটি করেন। এতে নিটিং শাখার ২৫ শ্রমিকের নাম উল্লেখসহ ৩০০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এসব শ্রমিকের বিরুদ্ধে কারখানার আসবাব ও মূল্যবান যন্ত্রাংশ ভাঙচুরসহ ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে। এসকিউ গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ইয়াকুব আলী জানান, বিভিন্ন দাবিতে শ্রমিকেরা দুই দিন ধরে কর্মবিরতি পালন করছিলেন। তাঁদের কাজে যোগদানের অনুরোধ করা সত্ত্বেও কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে কর্তৃপক্ষের একটি বৈঠক চলাকালে ওই শ্রমিকেরা তাঁদের অবরোধ করেন ও প্রতিষ্ঠানে ভাঙচুর চালান। এ ঘটনায় কারখানা বন্ধ ঘোষণা করা হয়। কাজের পরিবেশ ফিরে এলে কারখানা খোলার তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। পুলিশ জানায়, গত রবি ও সোমবার শ্রমিকেরা প্রশাসনিক প্রধানের অপসারণসহ ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন। এরপর দাবি আদায়ে তাঁরা সোমবার সন্ধ্যায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়ায় সাংবাদিক, পুলিশ, শ্রমিক, কারখানার কর্মকর্তাসহ অর্ধশতাধিক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। আহত ব্যক্তিরা হলেন: সহকারী পুলিশ সুপার (এএসপি) দেওয়ান লালন আহমেদ ফকির, ওসি দেলোয়ার হোসেন, এসআই রাহাৎ খান, এসআই হাফিজুর রহমান, দৈনিক যুগান্তর-এর শ্রীপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম, দৈনিক রূপালী দেশ-এর মোফাজ্জল হোসেন ভূঁইয়া, বাংলাদেশ প্রতিদিন-এর মাহবুবুর রহমান, দৈনিক করতোয়ার রেজাউল করিম প্রমুখ। এএসপি দেওয়ান লালন জানান, পুলিশ সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তখন তাঁদের প্রতিহত করতে কাঁদানে গ্যাসের শেল ও ৭৩টি ফাঁকা গুলি ছোড়া হয়। এদিকে শ্রমিকেরা জানান, শ্রম আইনের অতিরিক্ত সময় কাজ করানো, টিফিন, হাজিরা বোনাস কম দেওয়া, যাতায়াত ভাতা ও পরিবহনব্যবস্থা না রাখা এবং কারখানার প্রশাসনিক প্রধান এ কে এ জামানের অপসারণসহ ১০ দফা দাবি পূরণে এক মাস ধরে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে আসছেন তাঁরা। এতে কাজ না হওয়ায় আন্দোলনে নামেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক নিটিং শাখার এক অপারেটর জানান, কারখানা বন্ধ হয়ে যাওয়ায় আন্দোলনকারী শ্রমিকেরা বিচ্ছিন্ন হয়ে গেছেন। তবে দাবি আদায়ে পরবর্তী সময়ে কীভাবে আন্দোলন এগিয়ে নেওয়া হবে, তা নিয়ে শ্রমিকেরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। এই অপারেটর আরও জানান, শ্রমিকদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে; অথচ প্রশাসনিক কর্মকর্তা জামানের স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির জন্য কারখানায় শ্রমিকদের কাজ করাই কঠিন।