৩০০ সমর্থকের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত দুই মেয়র পদপ্রার্থীর ৩০০ সমর্থকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সড়ক অবরোধের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার অভিযোগে পুলিশ গত বুধবার রাতে এ মামলা করে। মামলায় মেয়র পদপ্রার্থী শাহাজাহান সিকদারকে প্রধান আসামি করা হয়েছে।পুলিশ জানায়, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহাজাহান সিকদার ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে হাইকোর্টের রায় গত বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্থগিত করেন। এ খবর ছড়িয়ে পড়লে দুই মেয়র পদপ্রার্থীর সমর্থকেরা চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বিক্ষোভ করেন। তাঁরা বেলা সাড়ে ১১টায় সড়কের রাঙ্গুনিয়া অংশের দুই কিলোমিটার এলাকায় আটটি স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার পুড়িয়ে ব্যারিকেড দেয়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে তিনটায় রাঙ্গুনিয়া থানার পুলিশ ব্যারিকেড সরাতে গিয়ে বাধার সম্মুখীন হলে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে। বিক্ষোভকারীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন্ন ঘটান। ফলে শাহাজাহান সিকদারকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৩০০ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানিয়েছেন, আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুলিশ এ মামলা করেছে।প্রতিবাদ সভাপুলিশের লাঠিপেটায় মেয়র পদপ্রার্থী শাহাজাহান সিকদারসহ ৫০ জনের বেশি সমর্থক আহত হওয়ায় প্রতিবাদ সভা করেছেন দুই মেয়র পদপ্রার্থীর সমর্থকেরা। গতকাল বৃহস্পতিবার বেলা একটায় রাঙ্গুনিয়া পৌরসভার শহীদ মিনার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী কামরুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউল খায়ের প্রমুখ।