উন্নয়ন সংস্থা আশার সুদের হার-সংক্রান্ত তথ্য চেয়ে না পেয়ে যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের এক ব্যক্তি তথ্য কমিশনে অভিযোগ করেন। ওই অভিযোগের শুনানি শেষে সংস্থা কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে তথ্য দিয়েছে। এরপর কর্তৃপক্ষ সংস্থার সারা দেশের বিভিন্ন শাখায় ৩ হাজার ৩৩ জন তথ্য কর্মকর্তা নিয়োগ দিয়েছে।
গতকাল বুধবার দুপুরে চৌগাছার সিংহঝুলি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তথ্য অধিকার ক্যাম্প ও পরবর্তী অভিজ্ঞতাবিষয়ক সংবাদ সম্মেলনে বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এসব তথ্য দেন।
এ সময় আশার কাছে তথ্য চেয়ে আবেদন করা আরিফুল আলম নামের ওই ব্যক্তিও উপস্থিত ছিলেন। তিনি সিঙ্গাপুরপ্রবাসী। আরিফুল আলম বলেন, ‘আশার ক্ষুদ্রঋণ ও সুদের হার বিষয়ে আমার জানার আগ্রহ ছিল অনেক দিনের। এমআরডিআইয়ের তথ্য অধিকার বিষয়ে ক্যাম্পে অংশ নিয়ে তথ্য চেয়ে আবেদন করার বিষয়টি জানতে পারি। তখন আশার স্থানীয় কার্যালয়ে আবেদন করে তথ্য না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ দাখিল করি।’
হাসিবুর রহমান বলেন, তথ্য কমিশনে অভিযোগের শুনানিতে গিয়ে আশার কর্তৃপক্ষ তথ্য দেয়। এ ছাড়া তথ্য কমিশনের নির্দেশে আশার কর্তৃপক্ষ সারা দেশে ৩ হাজার ৩৩ জন তথ্য কর্মকর্তা নিয়োগ দেয়। এটি তথ্য অধিকার আইনের একটি বিরাট সাফল্য হিসেবে তিনি উল্লেখ করেন।
তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে চৌগাছা উপজেলার বিভিন্ন দপ্তরে আবেদন করা ৩২ জন নারী-পুরুষ ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। ২৩ আগস্ট থেকে গত জানুয়ারি পর্যন্ত পাঁচ মাসে তাঁরা সরকারি ও বেসরকারি দপ্তরে তথ্য চেয়ে ৫৮টি আবেদন দাখিল করেন।
হাসিবুর রহমান সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানে ৫০টি ও বেসরকারি প্রতিষ্ঠানে আটটি আবেদন করা হয়। আবেদনের পর শুরুতে ৩৯টি প্রতিষ্ঠান তথ্য প্রদান করে। অন্যান্য প্রতিষ্ঠান পরে তথ্য দেয়। আংশিক বা ভুল তথ্য সরবরাহ করেছে সাতটি প্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমআরডিআই খুলনার বিভাগীয় সমন্বয়কারী মবিনুল ইসলাম, জাগ্রত নাগরিক কমিটি চৌগাছার সভাপতি মাহবুবুল আশরাফ, এমআরডিআই কর্মকর্তা হামিদুল ইসলাম এবং এস এম আরিফুজ্জামান।
এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় আশার যশোর শাখার ব্যবস্থাপক মোস্তফা কামালের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। তবে কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক ও বর্তমানে আশার জামালপুর শাখার নিরীক্ষক আল মামুন বলেন, সম্প্রতি প্রধান কার্যালয় থেকে তাঁদের কাছে এ মর্মে চিঠি এসেছে, শাখা ব্যবস্থাপকই তথ্য কর্মকর্তার দায়িত্বে থাকবেন।