প্রতারণা করে গ্রাহকদের ৩০৪ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় বহুস্তর বিপণন কোম্পানি ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ২১ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন দিয়েছে বলে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে। শিগগিরই দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেবেন।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ মফিজুল হক, এমডি মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালক মুহাম্মদ হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, খায়রুল বাশার সজল, আবদুল হান্নান সরকার, সৈয়দ শরিফুল ইসলাম, এইচ এম আমিরুল ইসলাম, মো. ওলিয়ার রহমান, ফজলুর রহমান, মো. আসাদুজ্জামান তপন, মোহাম্মদ সোলাইমান সরোয়ার, মো. হারুন অর রশিদ, শেখ আবদুল্লাহ আল মেহেদী, সৈয়দ জাহিদুল ইসলাম, মো. মনোয়ার হোসেন, এম এ সাদী, মো. আসলাম হোসাইন, মো. মেহেদী হাসান মোজাফ্ফর, মো. ইমতিয়াজ হোসেন কাউসার ও মো. মিজানুর রহমান।
২০১৪ সালের মে মাসে ওই অভিযোগে ২২ জনকে আসামি করে রমনা মডেল থানায় মামলা করেন দুদকের উপপরিচালক নূর হোসেন খান। মামলার তদন্ত করেন আরেক উপপরিচালক জাহাঙ্গীর হোসেন। তদন্ত শেষে এজাহারভুক্ত একজনকে বাদ দিয়ে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন দেয়। এজাহারভুক্ত মো. আবদুল মালেককে অভিযোগপত্রে বাদ দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, ২০০৫ সালের ২৬ এপ্রিল প্রতিষ্ঠানটি নিবন্ধনের মাধ্যমে ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড কার্যক্রম শুরু করে। ১৮ হাজার গ্রাহকের কাছ থেকে অতি মুনাফার প্রলোভন দেখিয়ে ৩০৪ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৬০৪ টাকা হাতিয়ে নেয়। ১১৩টি শাখার মাধ্যমে ওই আর্থ আত্মসাৎ করা হয়েছে।