৩০৫ জন হাজি দেশে ফিরেছেন
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন। গতকাল রোববার বিকেল পৌনে পাঁচটায় ৩০৫ জন হাজিকে নিয়ে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি ৮০৪) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল সৌদি এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে এসব হাজিকে ঢাকায় আনা হয়। নিরাপদে দেশে ফিরতে পারায় হজরত শাহজালাল বিমানবন্দরে নেমে হাজিরা সন্তুষ্টি প্রকাশ করেন।
হজ অফিসের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখার নির্বাহী মো. জুয়েল মিয়া গত রাতে প্রথম আলোকে বলেন, আজ সোমবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। আজ সকাল ৯টা ২০ মিনিটে বিমানের একটি হজ ফ্লাইট (বিজি ৬০১২) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এটিসহ আজ বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইনসের নিয়মিত ও হজ ফ্লাইট মিলিয়ে ১১টি ফ্লাইটে হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করার কথা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, আজ থেকে শুরু হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি হজ ফ্লাইট আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৭ হাজার ২৯০ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ ৫৪ হাজার ৮৪৫ জন এবং সৌদিয়া এয়ারলাইনস ৫২ হাজার ৪৪৫ জন হজযাত্রী পরিবহন করে।